জোর করে দেশের বাইরে পাঠানো না হলে তারা (বিএনপি) দেশ ছেড়ে পালাবেন না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, “বেগম খালেদা জিয়াও কোনো দিন পালাননি। তারেক রহমানও পালাননি। তাকে জোর করে দেশের বাইরে পাঠানো হয়েছিল। অতীতে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের কীভাবে পালিয়ে যেতে হয়েছে, তা দেশের মানুষ দেখেছে।”
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, জনগণের মঙ্গল, শিক্ষা ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিকল্পনা নিয়ে কাজ করছেন। ২০২৪ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর ঢাকার ৩০০ ফিট এলাকায় লাখো মানুষের সমাবেশে তিনি ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ঘোষণা করেছিলেন। সরকার সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে।
সরকারের সামাজিক কর্মসূচির পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে উচ্চপর্যায়ের চাকরিজীবী ও আর্থিকভাবে সচ্ছল পরিবারের নারীরাও অন্তর্ভুক্ত হবেন।
তিনি জানান, দেশের ২ কোটি ৩০ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে। এ ছাড়া সাড়ে তিন লাখ মসজিদ ও মন্দিরের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতদের সম্মানী ভাতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ৬৮ হাজার গ্রামে এক লাখ নারী স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি। এসব কর্মী বাড়ি বাড়ি গিয়ে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য সচেতনতা তৈরিতে কাজ করবেন। এ জন্য দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগপ্রক্রিয়া শুরু করা হবে।
শেষে শিক্ষার্থীদের হাতে নিমগাছের চারা ও মগ তুলে দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চান প্রতিমন্ত্রী।