সাক্ষাৎকার : রুহুল কবির রিজভী
মোশারফ বাবলু ও আসাদ জামান
প্রকাশ : ৬ মিনিট আগে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন বাস্তবতায় সরকার পরিচালনা, দলীয় গণতন্ত্র, বিরোধী দলের রাজনৈতিক অধিকার, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং অর্থনৈতিক সংকট মোকাবিলাসহ নানা বিষয়ে দলটির সামনে দেখা দিয়েছে গুরুত্বপূর্ণ বিভিন্ন চ্যালেঞ্জ। এসব বিষয়ে প্রতিদিনের বাংলাদেশের মুখোমুখি হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সাক্ষাৎকার নিয়েছেন প্রতিদিনের বাংলাদেশের ডেপুটি এডিটর মোশারফ বাবলু ও বিশেষ প্রতিনিধি আসাদ জামান।
প্রতিদিনের বাংলাদেশ: দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর বিএনপি এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে।নিজেদের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও এই দল সমন্বয় সাধন করে এগোতে পারছে কি?
সরকার ও দলের ভূমিকার মধ্যে সমন্বয় সাধন করে এগিয়ে যাওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী ও তার নেতৃত্বাধীন বিএনপি জোট সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। নির্বাচনের আগে দলের ইশতেহার ও অন্যান্য কর্মসূচিতে যেসব অঙ্গীকার করা হয়েছিল, সেগুলো বাস্তবায়নে সরকার সর্বদা তৎপর। বিশেষ করে, সামাজিক সুরক্ষার ক্ষেত্রে যেসব অঙ্গীকার করা হয়েছিল, প্রধানমন্ত্রী একের পর এক সেসব কাজ শুরু করেছেন। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নেও হাত দিচ্ছেন। এ নিয়ে কথা বলছেন, মতবিনিময় করছেন। বিদেশের বিভিন্ন দাতা দেশ, যারা বিভিন্ন সময় এদেশের অবকাঠামো উন্নয়ন, জ্বালানি থেকে শুরু করে নানা খাতে আমাদের আর্থিক ঋণ ও সহায়তা দিয়ে থাকে, অর্থায়ন করে থাকে সেসব দেশ সফর করছেন । তিনি বিশ্বনেতাদের সঙ্গে আলোচনা করছেন। সুতরাং প্রধানমন্ত্রী ও এই সরকারের উদ্যম ও উদ্যোগ থেমে নেই। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ও বিএনপি যে সমন্বয় সাধন করেই এগোচ্ছে, তা সবার কাছেই দৃশ্যমান।
প্রবা: জামায়াতসহ বিরোধী দলগুলোর সমালোচনা, আন্দোলন ও দাবিকে দল হিসেবে বিএনপি কীভাবে দেখছে? বিরোধীদের রাজনৈতিক পরিসর নিশ্চিত করতে সরকারের ভূমিকাই বা কেমন হওয়া উচিত?
বিরোধী দল নানা বিষয়ে দাবি জানাবে, কর্মসূচি দেবে। সেসব দাবির মধ্যে যেগুলো গ্রহণযোগ্য, সরকার নিশ্চয়ই সেগুলো বিবেচনায় নেবে। সরকার তো চায়, বিভিন্ন সংকটের নিরসন হোক। কিন্তু সংকট তো আর শুধু সরকারের জন্য তৈরি হয় না। এর পেছনে বৈশ্বিক, আন্তর্জাতিক ও নানা ধরনের কারণও আছে। সেগুলো মোকাবিলায় বিরোধী দলের কী পরামর্শ আছে, তাদের তো তা দিতে হবে। সরকার যদি মনে করে, তাদের সমালোচনা ও পরামর্শ ইতিবাচক, তাহলে তা গ্রহণ করতে পারে। বিরোধী দল গণতন্ত্রে কথা বলবে, আলোচনা করবে, সমালোচনা করবেÑ এ অধিকার তাদের আছে। সেই অধিকার প্রতিষ্ঠার জন্যই তো আমাদের ১৭ বছরের লড়াই ছিল। তবে, সমালোচনা গঠনমূলক হতে হবে। সমালোচনার জন্য সমালোচনা করা মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না।
প্রবা: জুলাই জাতীয় সনদ ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে বিএনপির অবস্থান কী? কোনো সংস্কার বিএনপির নিজস্ব রাজনৈতিক স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হলে দল সেটিকে মেনে নেবে কি?
দেখুন, বিএনপি সব সময়ই বলে আসছে, জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। সরকারও তাই বলছে। এজন্যই আমরা বলছি, আসুন, আমরা বৈঠকে বসি, আলোচনা করি। আলোচনার মাধ্যমে জুলাই সনদে থাকা বিভিন্ন ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতগুলোর নিরসন হওয়া দরকার। বিএনপির পক্ষ থেকেও কিছু ভিন্নমত রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও রয়েছে। এসব বিষয় পরিষ্কার হওয়া প্রয়োজন। এখানে ‘পয়েন্ট অব নো রিটার্ন’-এর মতো কোনো বিষয় নেই। আমরা যদি গণতন্ত্রকে আরও এগিয়ে নিতে চাই, আলোচনা করা বা মতবিনিময়ের কোনো বিকল্প নেই।
প্রবা: বিএনপি রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে, কিন্তু দলের ভেতরে নির্বাচন, সিদ্ধান্ত গ্রহণ, তৃণমূলের মতামত এবং নতুন নেতৃত্ব তৈরির ক্ষেত্রে গণতন্ত্রের চর্চা কতটা করা হয়?
আমরা যে এ ব্যাপারে আন্তরিক, তা আপনারা সব সময়ই দেখেছেন। তৃণমূল থেকে কী ধরনের পরামর্শ আসছে, আমরা তা গুরুত্বের সঙ্গে দেখি। এই গণঅভ্যুত্থানের পরও বর্ধিত সভাসহ নানা ধরনের সভা হয়েছে। তৃণমূলের নেতাকর্মীদের কাছে মন্ত্রীদেরও জবাবদিহির আওতায় আনা হয়েছে। আপনারা জানেন, কৃষিবিদ ইনস্টিটিউশনে মন্ত্রীরা উপস্থিত থাকা অবস্থায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করেছেন। মন্ত্রীদের সেসব প্রশ্নের উত্তর দিতে হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন প্লাটফর্মে সরকার নানাভাবে জনগণের কাছে জবাবদিহি করছে। দলের নেতা ও মন্ত্রীরা প্রায়ই তাদের কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন করছেন। এটিও এক ধরনের জবাবদিহি।
প্রবা: ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা আপনার কতটুকু? চেয়ারম্যানের সঙ্গে আপনার মতপার্থক্য হলে কীভাবে সেটির সমাধান হয়?
আমরা আলোচনা করেই সিদ্ধান্ত নিয়ে থাকি, তাই মতপার্থক্যের প্রশ্নই আসে না। দলের চেয়ারম্যান, সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের জায়গায় রয়েছেন। আমরা সব ধরনের আলোচনা করার পর তিনি যে সিদ্ধান্ত দেন, সেটিই চূড়ান্ত। তবে তিনি নিজের মত চাপিয়ে দেনÑ বিষয়টি এমন নয়। আলোচনার পর নতুন কোনো ধারণা পেলে এবং সেটি গ্রহণযোগ্য মনে হলে তিনি সেটিকেই সিদ্ধান্ত হিসেবে নেন। বলেন, ‘ঠিক আছে, তাহলে এভাবেই করেন।’ এ কারণেই বিভিন্ন পরিসরে আমাদের বারবার যৌথ সভা হয়। জেলা পর্যায়ের নেতাদের নিয়েও প্রধানমন্ত্রী মাঝেমধ্যে বসেন। গত ৭ নভেম্বরের কর্মসূচি বাস্তবায়নের জন্য সারা দেশের জেলা সভাপতিদের নিয়ে আমরা যে ভার্চুয়াল সভা করেছিলাম, সেখানে প্রধানমন্ত্রী নিজেও উপস্থিত ছিলেন। দলের তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দলের চেয়ারম্যান একেবারে নিচের স্তর থেকেও মতামত নেন। এরপর সেসব মতামত বিবেচনা করে সিদ্ধান্ত দেন।
প্রবা: রাজনৈতিক প্রতিপক্ষের বিচার নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা এড়ানোর নিশ্চয়তা কীভাবে দেওয়া হচ্ছে?
রাজনৈতিক প্রতিপক্ষের বিচার বলতে কী বোঝাচ্ছেন? গণতান্ত্রিক ব্যবস্থা চায়, বিরোধী দল সংসদে থাকুক, কথা বলুক, সংসদের বাইরেও কথা বলুক এবং কর্মসূচি পালন করুক। আরেকটি বিষয় হচ্ছে নিষিদ্ধ দল। সেটি তো আর রাজনৈতিক প্রতিপক্ষ নয়। আইনে যদি বলা থাকে যে কোনো দলের কর্মকাণ্ড গণতান্ত্রিক রীতিনীতি ও মূল্যবোধের মধ্যে পড়ে না, যেমন কারও গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া বা কারও বাড়িতে বোমা মারাÑ এসব তো সন্ত্রাসী কর্মকাণ্ড। সে ক্ষেত্রে সরকার আইনসঙ্গতভাবে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেগুলোই নিচ্ছে। কোনো দলকে ‘আদালত’ নিষিদ্ধ করার পর তারা যদি বেআইনি কর্মকাণ্ডে জড়ায়, তাহলে নির্বাহী বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। কারণ, এসব বাহিনীর দায়িত্ব নির্বাহী বিভাগের ওপর ন্যস্ত। যতদূর জানি, দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আদালতের মাধ্যমেই হয়েছে।
প্রবা: সরকারের অর্থনৈতিক সাফল্যের ক্ষেত্রে বিএনপি কোন দিকটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে?
দেখুন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং আমেরিকা-ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই সংকটে শুধু বাংলাদেশে নয়, বিশ্বের সব দেশেই ভোগ্যপণ্য ও খাদ্যপণ্যের দাম বেড়েছে। সুতরাং এটি বাংলাদেশের নিজস্ব রাজনীতি বা সরকারের ব্যর্থতা নয়। গত রমজান মাসে সরকার যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করেছে, তা ছিল চমৎকার একটি পদক্ষেপ। এরপর যুদ্ধ শুরু হলে ধীরে ধীরে সব জিনিসের দাম বাড়তে শুরু করে। এটি বৈশ্বিক কারণ, অভ্যন্তরীণ কোনো কারণ নয়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে নিঃসন্দেহে দ্রব্যমূল্য ও খাদ্যপণের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে।
প্রবা: ভবিষ্যতে আপনাকে কি পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে দেখা যাবে? নাকি এটি সাময়িক দায়িত্ব?
দল যে সিদ্ধান্ত নেবে, সেটাই চূড়ান্ত।
প্রবা: ডিসেম্বরকে ঘিরে যে অস্থিরতা শুরু হয়েছে, সেটিকে আপনারা কীভাবে দেখছেন?
কোনো অস্থিরতা হয়নি। এ বিষয়ে আমরা বহুবার বলেছি। শেখ হাসিনা একজন পলাতক আসামি এবং দেশ ছেড়ে চলে গেছেন। পলাতক আসামি কিংবা যুদ্ধাপরাধী বা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তি পাসপোর্ট পাবেন না। পাসপোর্ট আইনেও এমন বিধান নেই। সুতরাং তিনি কী বললেন, না বললেন, তা নিয়ে জনগণ বা সরকারের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তার এসব কথাবার্তা নিয়ে বাংলাদেশে আলোচনা করাও সঠিক নয় বলে আমি মনে করি। তিনি একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের নেত্রী। তিনি মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত। পাসপোর্ট না পাওয়ার বিষয়ে যে আইন রয়েছে, সেটি তার বাবাই ১৯৭৩ সালে প্রণয়ন করেছিলেন। সুতরাং কোনো দিক থেকেই তার বাংলাদেশে রাজনীতি করার যোগ্যতা নেই বলে মনে করি।
প্রবা: আপনাকে ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।