রুহুল কবির রিজভী। ফাইল ছবি
দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির চেষ্টায় লিপ্ত ‘পঞ্চম বাহিনী’ ও পরাজিত শক্তিকে আর কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অগণতান্ত্রিক বা অমানবিক পন্থায় নয়, বরং জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমে তাদের পথে পথে প্রতিহত করা হবে। একই সঙ্গে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ‘পরাজিত শক্তি’ বিদেশে বসে অর্থ ও মদদ দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তারা পুলিশের বক্স ও গাড়িতে আগুন দেওয়া, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ এবং মানুষ হত্যার মতো কর্মকাণ্ডে জড়িত। প্রথম থেকেই ধৈর্যের সঙ্গে এসব কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হচ্ছিল। কিন্তু তাদের তৎপরতা এখন ধৈর্যের সীমা অতিক্রম করছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকাঠামো ভেঙে দেওয়া হবে। সরকারও এ বিষয়ে অত্যন্ত তৎপর।
রিজভী বলেন, যারা জনকল্যাণে ও দেশের মানুষের জন্য কাজ করেন, তারা কখনো দেশ ছেড়ে পালিয়ে যান না। রাষ্ট্রক্ষমতায় থেকে যারা দেশের সম্পদ লুটপাট, গুম ও খুনের রাজনীতি করেন, তারাই একসময় দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নানা চাপ ও হুমকি দেওয়া হলেও তারা কখনো দেশ ছাড়েননি। অথচ পালিয়ে যাওয়া ব্যক্তিরা বিদেশে ফ্ল্যাট, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। দেশে টোকাইদের টাকা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন।
তিনি আরও বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। সেখানকার লাখ লাখ মানুষ দেশপ্রেমিক। সাবেক আমলের কিছু সুবিধাবাদী ব্যক্তি গোপালগঞ্জকে সন্ত্রাসের পশ্চাৎভূমি হিসেবে ব্যবহার করতে চাইছেন। তবে তা আর সম্ভব হবে না। সেখানে বিএনপির নেতা সেলিমুজ্জামান সেলিম ও স্থানীয় সংসদ সদস্য জিলানীর বাড়ি পুড়িয়ে তছনছ করা হয়েছে। এ ছাড়া ভাঙ্গায় রাজু মোল্লা এবং নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জাসাসের নেতাকে হত্যা করা হয়েছে।
রুহুল কবির রিজভী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ফ্যাক্ট-চেকের মাধ্যমে সত্য বলে প্রমাণিত হয়েছে। ওই অডিওতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হককে প্রতিটি ইউনিয়নে বিএনপি নেতাদের তিনটি করে বাড়ি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিতে শোনা গেছে। এই ‘পঞ্চম বাহিনী’র বিরুদ্ধে দেশের সব দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল ঐক্যবদ্ধ।
ডিসেম্বর মাসের কর্মসূচি
বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে বিএনপি। এ ছাড়া ‘গণতন্ত্রের মা’ হিসেবে অভিহিত বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ মাসে যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালন করা হবে। দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন ২৫ ডিসেম্বরও দলের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হবে।
এর আগে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে অংশ নিয়ে রুহুল কবির রিজভী বলেন, গুম, খুন ও ক্রসফায়ার রাষ্ট্রের চরিত্রে পরিণত হয়েছিল। ছাত্র-শিক্ষক, শ্রমিক ও জনতার আন্দোলনে সেই সরকারের পতনের পর মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। তবে পরাজিত শক্তি আবারও পুরোনো কায়দায় মানুষ হত্যা, রক্তপাত, ককটেল হামলা ও গাড়িতে আগুন দিয়ে ক্ষমতায় ফিরতে চায়।
তিনি বলেন, বিগত সময়ে রাজনৈতিক পক্ষপাতের কারণে একটি নির্দিষ্ট দল ও তার নেতার কর্মকাণ্ড বড় করে দেখাতে গিয়ে প্রকৃত ইতিহাস আড়াল করা হয়েছে। পাঠ্যসূচিতে শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান খাটো করে দেখানো হয়েছিল। নতুন প্রজন্মের কাছে সত্য ও বাস্তবতার ভিত্তিতে নিরপেক্ষ ইতিহাস তুলে ধরতে হবে।