হবিগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৭ মিনিট আগে
রিমন (২৮)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের রিমন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। স্থানীয় পুলিশের সঙ্গে সখ্য গড়ে তুলে সেই যোগাযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন কোম্পানিতে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অপরাধী চক্রকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অভিযুক্ত রিমন শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আবিদুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন রিমন। এ পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি, ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের কাছে অবৈধভাবে চাঁদা দাবি ও আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিশেষ করে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট নেতাকর্মীদের অবস্থান পুলিশকে জানিয়ে দেওয়া কিংবা তাদের গ্রেপ্তার করানোর ভয় দেখিয়ে চাঁদা আদায় করেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া স্থানীয় মাদক কারবারি ও অপরাধী চক্রের সঙ্গে সম্পৃক্ততা এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও রয়েছে।
এদিকে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সংগঠনটির মুখপাত্র রাশেদা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রিমন সংগঠনের জেলা আহ্বায়ক ও সদস্য সচিবের সঙ্গে তোলা একটি ছবি ব্যবহার করে নিজেকে সমন্বয়ক পরিচয় দিচ্ছেন। এ পরিচয়ে তিনি এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। রিমনের সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই। এমনকি তিনি জেলা কমিটির কোনো পর্যায়ের সদস্যও নন। তাই তার অপকর্মের দায় সংগঠন বহন করবে না।
তবে রিমন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে এসব অভিযোগ ছড়ানো হচ্ছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, রিমনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ শুনেছেন। তবে কেউ লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবেন।