বুধবার বিকালে ফরিদপুরের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লার জানাজায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ থেকে টাকা লুট করে বিদেশে বিলাসী জীবনযাপন করছেন আওয়ামী লীগের পলাতক নেতারা। বিদেশে বসেই তারা দেশের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার নির্দেশনা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার বিকালে ফরিদপুরের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লার জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি চায় না। কিন্তু পাশের দেশ থেকে লকডাউনের ঘোষণা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। যারা বিদেশে বসে দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায়, জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে।”
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আজ সরু রাস্তা ও বিভিন্ন গলি দিয়ে এসে ককটেল নিক্ষেপ করছেন। জনগণ আপনাদের সঙ্গে নেই। দীর্ঘ ১৭ বছর আমাদের ওপর অত্যাচার-নির্যাতন চালানো হয়েছে। পুলিশ ধরে নিয়ে রিমান্ডে নিয়েছে, গুলি করেছে। তারপরও আমরা দেশ ছেড়ে পালিয়ে যাইনি, লড়াই করেছি।”
রাজু মোল্লার হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, “এত মানুষ হত্যার পরও আজ রাজুকে হত্যা করা হয়েছে। রাজুর বাবার কান্না আকাশ-বাতাস ছাপিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে।”
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “যারা এ ধরনের হামলা চালাতে আসবে, তাদের বিষদাঁত ভেঙে গুঁড়িয়ে দিতে হবে।”
তিনি রাজু মোল্লা হত্যাকাণ্ডের জন্য সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে দায়ী করে বলেন, “তার নির্দেশেই এ ঘটনা ঘটেছে।”
এর আগে বিকেলে রাজু মোল্লার মরদেহ দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে জড়ো হন।
পরে জানাজায় রিজভী, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলসহ হাজারো নেতাকর্মী অংশ নেন।