× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান: ডিএমপি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মিনিট আগে

লোগো: সংগৃহীত

লোগো: সংগৃহীত

সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকায় আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে শিগগিরই চিরুনি অভিযান শুরু করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ইতিমধ্যে তাদের সম্ভাব্য আশ্রয়স্থলগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিজ কার্যালয়ে বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়ে ঢাকায় পালিয়ে আশ্রয় নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ইতিমধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেপ্তার করা হয়েছে। যারা ঢাকায় আশ্রয় নিয়েছেন এবং আত্মগোপনে রয়েছেন, তাদের গ্রেপ্তারে শিগগিরই চিরুনি অভিযান শুরু হবে।

নাশকতা প্রতিরোধে রাজধানীজুড়ে চেকপোস্ট ও পুলিশের টহল বাড়ানো হয়েছে জানিয়ে নিয়াজ মেহেদী বলেন, কেউ নাশকতার উদ্দেশ্যে বের হলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনাই চেকপোস্ট স্থাপনের মূল উদ্দেশ্য। নাশকতার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব ঘটনায় ৬৪টি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন।

এ সময় ছয়টি বিস্ফোরিত ককটেলের খণ্ডাংশ ও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তার বিষয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, এসব স্থাপনাকে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে বিবেচনা করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আগাম পরিকল্পনা অনুযায়ী সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি চলছে।

সাইবার স্পেসেও পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাঠপর্যায়ে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। নাশকতার যেকোনো চেষ্টা প্রতিরোধে পুলিশ প্রস্তুত।

এদিকে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা থেকে নাশকতাসহ বিভিন্ন মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়।

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা