প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৮ মিনিট আগে
যুক্তরাজ্যের লন্ডনে নাহিদ ইসলামের গণসংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের লন্ডনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
এ সময় এনসিপির নেতা-কর্মী ও অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যায়। হামলায় প্রায় ১০ জন আহত হয়েছেন।
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাজ্যের আয়োজনে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এনসিপি আহ্বায়কের সফরসঙ্গী দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ সংবর্ধনা অনুষ্ঠান-পরবর্তী হামলা প্রসঙ্গে নিজের ফেসবুক পোস্টে বলেন, “খানিকটা উৎপাত করা ছাড়া অনুষ্ঠানে কোনো ধরনের বিঘ্ন ঘটাতে পারেনি আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তবে অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বের হয়ে যাওয়ার শেষ মুহূর্তে কাচের বোতল ও স্টিলের স্টিক দিয়ে হামলা চালায় ওই সন্ত্রাসীরা।”
আলাউদ্দীন মোহাম্মদ আরও বলেন, “লন্ডনে নাহিদ ইসলামের গণসংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে এবং নাহিদ ইসলাম উপস্থিত সবার উদ্দেশে অসাধারণ একটি বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগ এতটাই অসহায় যে তাদের কেউ গত কয়েক দিনে নাহিদ ইসলামের একটি ছবিও তুলতে পারেনি। তারা নাহিদ ইসলামের অনুষ্ঠান পণ্ড করতে না পেরে বাইরে জড়ো হয়ে অংশগ্রহণকারীদের বের হওয়ার পথে আক্রমণ করে। যুক্তরাজ্যের মতো একটি সভ্য দেশে তাদের এই সহিংস হামলায় অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।”
অনুষ্ঠান প্রসঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম সংবর্ধনা অনুষ্ঠানের জন্য যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিদের কৃতজ্ঞতা জানান।
ফেসবুক পোস্টে তিনি বলেন, “আজ লন্ডনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের ব্যাপক অংশগ্রহণে আমরা গভীরভাবে কৃতজ্ঞ ও অভিভূত। যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ, ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দসহ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
নাহিদ ইসলাম বলেন, “দুঃখজনকভাবে, অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
তিনি বলেন, “অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। তারা নিজেরাই এই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। আমরা আশা করি, তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে।”
তিনি আরও বলেন, “আমরা যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন আজকের হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয় এবং যুক্তরাজ্যের গণতান্ত্রিক পরিসরকে ব্যবহার করে সন্ত্রাস ও সহিংসতামূলক কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।”