গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দীর্ঘ দুই বছর বন্ধ থাকা দলীয় কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করে সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সোমবার বেলা ১১টার দিকে মিছিল নিয়ে শতাধিক নেতা-কর্মী কার্যালয়ে প্রবেশ করেন।
২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কার্যালয়টি বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়া পৌরসভা কমিটির সভাপতি শেখ ইফতি জামানের নেতৃত্বে নেতা-কর্মীরা উপজেলা পরিষদ ভবনের কাছে জড়ো হন। পরে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরসংলগ্ন আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে সভা শেষে মিছিল নিয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে যান তারা।
কার্যালয়ে নেতা-কর্মীদের প্রবেশের বিষয়ে জানতে চাইলে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জননিরাপত্তাসহ সব বিষয়ে তৎপর রয়েছে। আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিষয়ে পুলিশ আইনি প্রক্রিয়া অব্যাহত রাখবে। সোমবার বিকাল সাড়ে চারটার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে রবিবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শেখ মুজিবের সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন।
এদিকে রবিবার বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে দলটির নেতা-কর্মীরা মহড়া দেন। এ সময় তাদের অনেকের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। মহড়ার সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি), একটি পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়।
একই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ করেছে জেলা বিএনপি। ওই সন্ধ্যাতেই ধারালো অস্ত্রের আঘাতে আহত হন পুলিশের উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী। পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী তিনি।
এ পরিস্থিতিতে জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।