টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১০ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়।
সোমবার সকাল ১১টার দিকে পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে এই কার্যালয় খোলা হয়।
এ সময় জাতীয় সংগীতের সাথে জাতীয় ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর সমাধি সৌধে শপথ নেন নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে উপজেলা থেকে একটি মিছিল বের হয়। পরে আওয়ামী লীগের কার্যালয় খুলে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় আওয়ামী লীগ কার্যালয়ে বিভিন্ন রকম স্লোগান দেন নেতা-কর্মীরা। এরপর মিছিলটি বঙ্গবন্ধুর সমাধি সৌধে প্রবেশ করে তিনটি গেট খুলে দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার শপথবাক্য পাঠ করেন।
এ বিষয়ে চেষ্টা করেও পুলিশ বা প্রশাসনের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছিলেন গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেদিনও তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন।