× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনডিটিভির বিশ্লেষণ

ডিসেম্বরে দেশে ফিরতে চান শেখ হাসিনা, তবে সম্ভাবনা কেন কম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মিনিট আগে

শেখ হাসিনা। ফাইল ছবি/এনডিটিভি

শেখ হাসিনা। ফাইল ছবি/এনডিটিভি

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন এবং এর অংশ হিসেবে তিনি পাসপোর্টের জন্যও আবেদন করেছেন। তবে বাংলাদেশ সরকার সাফ জানিয়ে দিয়েছে, তাকে পাসপোর্ট দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সরকারের অবস্থান হলো—শেখ হাসিনাকে ফিরতে হলে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই ফিরতে হবে। তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছু বাস্তব কারণে তার এই ফিরে আসার সম্ভাবনা কার্যত অসম্ভব।

এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশ সরকারের এই দাবির সঙ্গে ভারত একমত হওয়ার সম্ভাবনা নেই এবং প্রত্যর্পণের বিষয়টিও আলোচনার বাইরে। ভারতের অবস্থান স্পষ্ট—শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই ভারতে এসেছিলেন। তাকে ভারতে নিয়ে যাওয়ার অনুরোধটি এসেছিল তিনি ক্ষমতায় থাকাকালীনই। বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে, তাদের সামরিক কর্মকর্তাদের মাধ্যমেই তাকে ভারতের নয়াদিল্লির কাছে হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছে দেওয়া হয়।

ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকলেও শেখ হাসিনার ক্ষেত্রে যে পরিস্থিতিতে বিচার হয়েছে এবং যেভাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাতে চুক্তির শর্ত অনুযায়ী তিনি প্রত্যর্পণ পাওয়ার যোগ্য নন বলেই মনে করছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

চরমপন্থীদের হুমকি ও রাজনৈতিক সহিংসতার ইতিহাস

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে বড় একটি বাধা হলো উগ্রবাদী ও চরমপন্থী গোষ্ঠীগুলোর তরফ থেকে তার জীবনের ওপর থাকা হুমকি। বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে শেখ হাসিনার পুরো পরিবারকে (তিনি ও তার বোন ছাড়া) হত্যা করা হয়। মাত্র চার বছর বয়সী রাষ্ট্র তখন শেখ মুজিবুর রহমানকে হারায়।

পরবর্তীতে ১৯৮১ সালে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হাতে নিহত হন প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের রাজনীতির এমন বিতর্কিত ইতিহাস এবং ২০২৪ সালে শেখ হাসিনার ঢাকা ত্যাগের প্রেক্ষাপট বিবেচনায়, এই সময়ে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ অবাস্তব। চরমপন্থীদের হুমকির বিষয়টিই যেকোনো প্রত্যর্পণ বিষয়ক আলোচনায় প্রধান বাধা হয়ে দাঁড়াবে।

পাসপোর্ট বনাম ট্রাভেল পাস

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার ফেরার সামনে দুটি মাত্র পথ খোলা রয়েছে—পাসপোর্ট অথবা ট্রাভেল পাস।

রয়টার্সের দেখা একটি চিঠির বরাতে জানা যায়, ২০২৪ সালে দেশত্যাগের পর প্রথমবারের মতো কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে শেখ হাসিনা একটি নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। দীর্ঘ মেয়াদে দেশ শাসনের পর আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া হাসিনা ডিসেম্বরে ফেরার লক্ষ্যেই এই পদক্ষেপ নিয়েছেন। এমন এক সময়ে তিনি এই আবেদন করলেন, যখন দেশে তার রাজনৈতিক দল নিষিদ্ধ।

তবে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এটিকে ‘কেবলই রাজনৈতিক অবস্থান জানান দেওয়ার চেষ্টা’ বলে আখ্যা দিয়েছেন। তিনি সাংবাদিকদের জানান, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, “বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। আমরা তাদের (সন্ত্রাসীদের) ফেরত পাঠানোর দাবি জানিয়েছি।”

অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন লন্ডনে নির্বাসিত ছিলেন, তখন তিনি পাসপোর্ট ছাড়াই ট্রাভেল পাসের মাধ্যমে ২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশে ফিরেছিলেন। তিনি লন্ডনে থাকাকালে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট আর নবায়ন করেননি। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তির পর লন্ডনে পাড়ি জমানো তারেক রহমানের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর সব মামলা প্রত্যাহার করা হয়। এরপর তিনি ট্রাভেল পাস পান। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক তিনি মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত এবং তার বিরুদ্ধে সক্রিয় মৃত্যুদণ্ডাদেশ রয়েছে।

প্রত্যর্পণে আইনি জটিলতা

ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করতে হলে সংশ্লিষ্ট অপরাধটি উভয় দেশের অভ্যন্তরীণ আইনেই কমপক্ষে এক বছরের কারাদণ্ডযোগ্য হতে হবে (যাকে ‘ডুয়াল ক্রিমিনালিটি’ বলা হয়)। শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা ভারতের বর্তমান দণ্ডবিধি ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (বিএনএস)-তে সংজ্ঞায়িত বা সুস্পষ্ট নয়। ২০২৪ সালের ১ জুলাই থেকে ব্রিটিশ আমলের পেনাল কোড বদলে এই বিএনএস কার্যকর করা হয়েছে।

এ ছাড়া চুক্তিতে বলা আছে, অপরাধটি যদি রাজনৈতিক প্রকৃতির হয়, তবে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে। শেখ হাসিনার বিরুদ্ধে মূল অভিযোগ—তিনি বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, যা রাজনৈতিক চরিত্রের। তবে হত্যা, সন্ত্রাস বা বিস্ফোরক ব্যবহারের মতো গুরুতর অপরাধগুলো এই রাজনৈতিক ছাড়ের আওতামুক্ত। বাংলাদেশ সরকারও শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করেছে। তবে চুক্তির আরেকটি শর্ত অনুযায়ী, বিচার প্রক্রিয়া যদি অসৎ উদ্দেশ্যে, তুচ্ছ কারণে বা ন্যায়বিচারের স্বার্থের পরিপন্থীভাবে পরিচালিত হয়, তাহলেও প্রত্যর্পণ নাকচ করতে পারে ভারত।

দ্বিপক্ষীয় সম্পর্কের সমীকরণ

এনডিটিভির দাবি, শেখ হাসিনার ভারতে অবস্থান দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি জটিল বাধা তৈরি করেছে। মুহাম্মদ ইউনূসের প্রশাসনের প্রশ্রয়ে বাংলাদেশে সক্রিয় হয়ে ওঠা মৌলবাদী ও ভারতবিরোধী গোষ্ঠীগুলো শেখ হাসিনার অবস্থানকে অজুহাত করে ভারতের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। তবে ভারত পরিষ্কার করে দিয়েছে, শেখ হাসিনা ইস্যুর কাছে দ্বিপক্ষীয় সম্পর্ককে জিম্মি করা যাবে না।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমানের সরকারও শেখ হাসিনার প্রতি নিজেদের ‘নরম’ দেখাতে চায় না, আবার এমন কোনো পরিস্থিতিও তৈরি করতে চায় না যার ফলে রাজনৈতিক বড় বিপর্যয় ঘটে কিংবা শেখ মুজিব ও জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের মতো রক্তাক্ত অতীতের পুনরাবৃত্তি ঘটে।

সব মিলিয়ে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার বিষয়টি অত্যন্ত অবাস্তব এবং অসম্ভাব্য বলেই প্রতীয়মান হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা