সাক্ষাৎকারে আবদুস সালাম
আসাদ জামান
প্রকাশ : ১৪ মিনিট আগে
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বাবায়ক ও ডিসএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ বছরের ২৩ ফেব্রুয়ারি নিয়োগ পান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে। সরকার গঠনের পর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন তিনি।
আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার বিষয়টিও স্পষ্ট করেছেন। নতুন দায়িত্ব, সাংগঠনিক চ্যালেঞ্জ ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর সঙ্গে কথা বলেছেন আবদুস সালাম। সাক্ষাৎকার নিয়েছেন বিশেষ প্রতিবেদক আসাদ জামান
২০২১ সালের আগস্টে আপনাকে আহ্বায়ক করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৪৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। প্রায় তিন বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ১৩ জুন কমিটি বিলুপ্ত করা হয়। ওই কমিটির সাংগঠনিক ব্যর্থতা কোথায় ছিল? কমিটি বিলুপ্তির পেছনে কি আপনার নেতৃত্ব নিয়ে দলের ভেতরে অসন্তোষ ছিল?
এখানে ব্যর্থতার কোনো বিষয় নেই। কেউ কি আজীবন কোনো পদে থাকে? আমি বিষয়টা এভাবে দেখি যে প্রত্যেকেই দায়িত্বে থাকাকালীন চেষ্টা করে যথাযথ ভূমিকা পালনের। আমি দায়িত্বে আসার পর প্রেস ক্লাব থেকে পার্টি অফিসের সামনে সমাবেশ নিয়ে গেছি। সবকিছু স্প্রেড আউট হয়েছে, সংগঠন হয়েছে ভালো। ঢাকা মহানগরীতে এখনও যে ওয়ার্ড কমিটি আছে, সেগুলো আমার সময়ে করা। ইউনিট কমিটি পর্যন্ত আমরা করেছি, প্রতিটা ওয়ার্ড কমিটি সম্মেলনের মতো করে সবার মতামত নিয়ে গঠিত হয়েছে, কোনো চাপিয়ে দেওয়া কমিটি না।
২০২৪ সালে আপনার কমিটি বিলুপ্ত করে রফিকুল আলম মজনুকে আহ্বায়ক ও তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছিল। এখন আবার আপনাকেই আহ্বায়কের দায়িত্ব দেওয়া হলো। নেতৃত্বের এই পরিবর্তনে বিএনপি কি আগের সাংগঠনিক সিদ্ধান্তের ভুল স্বীকার করল? নাকি কোনো রাজনৈতিক বাস্তবতা?
এখানে ভুলের কোনো ব্যাপার নেই, ব্যর্থতার বিষয় নেই। দল যখন যাকে যেখানে দরকার মনে করবে, সেখানে তাকে দায়িত্ব দেবে। সেই দায়িত্ব পালন করাটাই হলো যার যার দায়িত্ব। এখানে দলের ব্যর্থতা বা আমার ব্যর্থতা কোনো বিষয় নয়।
তার মানে এখন যে রাজনৈতিক বাস্তবতা, সেই বাস্তবতায় দল মনে করেছে আপনার মতো একজন সিনিয়র নেতাকে এই দায়িত্বটা দেওয়া দরকার?
হ্যাঁ, দরকার মনে করেছে। দল মনে করেছে যে আমাকে দায়িত্ব দিলে সংগঠনের জন্য ভালো হবে।
আগের কমিটি ও পরবর্তী কমিটির সময় অনেক নেতাকর্মীর মধ্যে পদ-পদবি নিয়ে অসন্তোষ, গ্রুপিং ও নেতৃত্বের প্রতিযোগিতা দেখা গেছে। নতুন কমিটি গঠনের সময় ত্যাগী, পরীক্ষিত ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের মূল্যায়ন নিশ্চিত করবেন কীভাবে? বিতর্কিত ও নিষ্ক্রিয় নেতাদের বাদ দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি?
যারা কাজ করবেন, তারাই দায়িত্ব পাবেন। একসময় একজন হয়তো বেশি সক্রিয় ছিল, আবার আরেকজনের সময় আরেকজন একটু বেশি সক্রিয় হচ্ছে। সংগঠন গতিশীল করার জন্য, শক্তিশালী করার জন্য, যাকে দিয়ে ভালো কাজ হবে তাকেই দায়িত্ব দেওয়া হবে।
২০২৪-এ গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতিতে এসেছে বড় পরিবর্তন। বিএনপি এখন রাষ্ট্রক্ষমতায়। ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি কিংবা প্রভাব বিস্তারের অভিযোগ উঠছে। মহানগর দক্ষিণের নেতাকর্মীদের সাংগঠনিক শৃঙ্খলার মধ্যে রাখতে আপনার অবস্থান কী হবে?
বিএনপি কোনো চাঁদাবাজির দল না। বিএনপি হলো একটি পরীক্ষিত রাজনৈতিক দল, যেটা জনগণের পাশে সব সময় ছিল এবং জনগণের সুখ-দুঃখেই ছিল। কাজেই এটাকে অতিরঞ্জিত করে অনেকে বিএনপিকে খাটো করার চেষ্টা করেছে নিজেরা লাভবান হওয়ার জন্য। বিশেষ করে নির্বাচনের আগে এমন একটা অবস্থা দাঁড় করাল যে বিএনপি শেষ হয়ে গেছে। কিন্তু প্রমাণ হলো যে বিএনপি খাঁটি দল। বিএনপি তো একটা গণসংগঠন। এখন ডে বাই ডে আস্তে আস্তে তো প্রমাণ হচ্ছে যে যারা বিএনপিকে সমালোচনা করত, তাদের অপরাধগুলো সমাজে আরও গর্হিত।
আপনাদের তো সময় বেঁধে দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ কমিটির জন্য। কত দিনে আপনারা দিতে পারবেন?
আমরা যত তাড়াতাড়ি সম্ভব করব। প্রথমে কনভেনিং কমিটিটা পূর্ণাঙ্গ করব। তার পরে ঠিক একই ধাঁচে আবার যাব সেই ওয়ার্ডগুলোকে পুনর্গঠিত করতে। ওয়ার্ডগুলোকে পুনর্গঠিত করার পরে থানা পুনর্গঠিত হবে। যেহেতু সামনে নির্বাচন আছে, নির্বাচনকে কেন্দ্র করে এখন প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিটে ইউনিটে আমরা সংগঠনকে শক্তিশালী করতে চাই।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক হয়েছেন। একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্ব ও একটি রাজনৈতিক দলের সাংগঠনিক দায়িত্বÑ স্বার্থের সংঘাত বা রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রশ্ন উঠতে পারে। এ বিষয়ে আপনার অবস্থান কী? দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখবেন কীভাবে?
এটা তো কোনো প্রভাবের বিষয় নয়। সিটি করপোরেশনে এর আগেও ছিলাম। ওয়ার্ড চেয়ারম্যান ছিলাম, নির্বাচিত কাউন্সিলর ছিলাম, নির্বাচিত ডেপুটি মেয়র ছিলাম। আমার পুরনো অভিজ্ঞতা আছে, সেই আলোকে দীর্ঘদিন ধরে কাজও করছি। এখন প্রশাসক হিসেবে প্রধানমন্ত্রী দায়িত্ব দেওয়ার পরে চেষ্টা করছি সিটি করপোরেশনটাকে অ্যাক্টিভ করে জনগণের কাছাকাছি নিয়ে যেতে। এই কয়েক মাসে অনেকটা সফলও হয়েছি। দলের দায়িত্বে থাকলে এটাকে পরিচালনা করা আমার জন্য আরও সহজ হবে।
এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়া শেষ কথা নয়। সিটি করপোরেশন আছে, মহানগর বিএনপির দায়িত্ব আছে।আপনি কি আগেই অনুমান করতে পেরেছিলেন, সংসদ নির্বাচনে মনোনয়ন না পেলেও বড় পুরস্কার আপনার জন্য অপেক্ষা করছে?
সংসদ নির্বাচনে মনোনয়ন চাইনি। কারণ, আমি অন্য ইলেকশন করব। সামনের নির্বাচনে (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন) আমাকে দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্যই হয়তো সংসদ নির্বাচনে বিএনপি আমাকে প্রার্থী করেনি।
তার মানে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণের প্রার্থী হতে চান?
অবশ্যই হতে চাই।
সরকার ৯ মাস পার করছে। দল ও সরকারকে কেমন দেখছেন?
ভালো। বুঝতে হবে যে এই সরকার যখন আসছে, তার আগে দেশের অবস্থাটা কী ছিল? গ্যাস নেই, বিদ্যুৎ নেই, পানি নেই, ব্যাংকে টাকা নেই। অর্থাৎ নেই নেই-এর মধ্যে তিনি রাষ্ট্রক্ষমতার দায়িত্বে আসছেন। তো নেই-এর মধ্যে যখন এসে বসছেন, তার মধ্যে আবার মধ্যপ্রাচ্যে লাগল যুদ্ধ। এটা সারা পৃথিবীতে একটা ইকোনমিক্যাল ক্রাইসিস। উনি দায়িত্ব নিয়ে স্মুথলি দেশটাকে রান করার জন্য চেষ্টা করছেন এবং সফল হচ্ছেন। দিন যত যাবে, ততই সরকারের সফলতা জনগণ দেখতে পাবে। আমরা বিরোধী দলসহ সবাইকে ধৈর্য ধারণ করতে বলব। ১৭ বছর দেশে গণতন্ত্র ছিল না, লুটপাটের রাজত্ব ছিলÑ এটা তো এক দিন, এক মাস, পাঁচ মাস বা এক বছরের ব্যাপার না। আমাদের গণতান্ত্রিক পথে হাঁটতে হবে। পাঁচটা বছর অপেক্ষা করতে হবে। এরপর জনগণ ডিসাইড করবে। বিএনপি যদি সফল না হয়, তখন জনগণ অন্য চিন্তা করবে।
নগর পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে বিশেষ দৃষ্টি দিয়েছেন প্রধানমন্ত্রী, তার যে গতি, সেই গতির সঙ্গে আপনারা পেরে উঠছেন কি?
সরকারপ্রধান যখন একটা বিষয়ে সিরিয়াস হন, তখন কিন্তু পুরো প্রশাসন সিরিয়াস হতে বাধ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন খাল কাটেন, যখন হাঁটু পানিতে নামেন, তখন কিন্তু কোনো ডিসি, এসপি, কোনো এমপি রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারেন না। তাদেরও নামতে হয়েছে। ঠিক তেমনিভাবে আমাদের প্রধানমন্ত্রী ক্লিন ঢাকার জন্য যেদিন নিজে নেমেছেন, সেদিন অন্তত অতিরিক্ত কয়েকশ ট্রাক ময়লা আমাদের সংগ্রহ করতে হয়েছে। অর্থাৎ সরকার প্রধান যখন চান, তখন তো স্পিড বেড়ে যায়। উনি যে স্পিডে কাজ করছেন, এই স্পিডে আমাদের চলতে হবে এবং আমাদের সমস্যার সমাধানের দিকে যেতে হবে।
সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।