জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পর্যায়ের নেতাদের বিদেশ সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। দলের আহ্বায়ক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থাকা শীর্ষ পাঁচ নেতার বিদেশে অবস্থানের খবর সামনে আসায় এই চর্চা শুরু হয়। সফরগুলোর কূটনৈতিক উদ্দেশ্য, রাজনৈতিক গুরুত্ব এবং দলীয় কার্যক্রমে এর প্রভাব নিয়ে নানা মহলে কৌতূহল তৈরি হয়েছে। এই আলোচনার মধ্যেই আরেক শীর্ষ নেতা কয়েক দিনের মধ্যেই বিদেশে যাচ্ছেন।
দলীয় একটি সূত্র প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছে, ৪ থেকে ৭ নভেম্বর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইক্যাপ) ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নেয় এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধিদল। এ দলে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।
অবশ্য আইক্যাপের সম্মেলন ৭ নভেম্বর শেষ হলেও আলাউদ্দীন বাদে অন্য তিন নেতা এখনও সেই দেশে অবস্থান করছেন, যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত প্রতিদিনের বাংলাদেশকে গতকাল শনিবার বলেছেন, কোরিয়া থেকে দেশে ফিরে আলাউদ্দীন মোহাম্মদ দলের আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে ১৩ নভেম্বর থেকে সাত দিনের সফরে যুক্তরাজ্যে গেছেন। সফরকালে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে নাহিদের। ২১ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।’
আরাফাত আরও বলেন, ‘কমনওয়েলথের কর্মসূচিতে অংশ নিতে মঙ্গলবার লন্ডনে যাওয়ার কথা রয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনের। এটি তার রাষ্ট্রীয় সফর। ওই কর্মসূচিতে তার সঙ্গে সরকারি ও বিরোধীদলীয় আরও কয়েকজন সংসদ সদস্যেরও অংশ নেওয়ার কথা রয়েছে।’
এনসিপির শীর্ষ নেতাদের এসব বিদেশ সফরকে কেন্দ্র করে দলটির আন্তর্জাতিক যোগাযোগ ও কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়টি আলোচনায় এসেছে। আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলনে অংশগ্রহণ, বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে দলটি আন্তর্জাতিক পরিসরে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ পাচ্ছে। তবে শীর্ষ নেতাদের একই সময়ে দেশের বাইরে থাকার কারণে অভ্যন্তরীণ সাংগঠনিক কার্যক্রমে কোনো প্রভাব পড়ছে কি না, বিশেষ করে তাদের অনুপস্থিতিতে মাঠপর্যায়ের কাজ কীভাবে পরিচালিত হচ্ছে, তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।