ছবি: সংগৃহীত
বর্তমান সরকারের মধ্যেও ফ্যাসিবাদের বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের বিষয় নয়, এটি একটি ভাইরাস। যার মধ্যে ফ্যাসিবাদের লক্ষণ দেখা যাবে, তাকেই ফ্যাসিবাদী হিসেবে বিবেচনা করতে হবে। বর্তমান সরকারের মধ্যেও এর বিভিন্ন লক্ষণ দৃশ্যমান হচ্ছে বলে দাবি করেন তিনি।
আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে। তারা দেশে নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। এর বিরুদ্ধে তারা লড়াই চালিয়ে যাবেন। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের প্রশ্নে কারও সঙ্গে আপস করা হবে না বলেও ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, এ জাতি বারবার অপশক্তির নির্যাতনের শিকার হয়েছে। প্রতিবারই অপশক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে।
আন্দোলনকারীরা শুধু সরকার পরিবর্তন চাননি, তারা রাষ্ট্রব্যবস্থার আমূল সংস্কার, ন্যায়বিচার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছিলেন।
জাতীয় ঐকমত্য ও জুলাই সনদের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, ৩৩টি রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছিল। সেখানে রাষ্ট্র সংস্কার ও সরকার গঠনের বিষয়ে দুটি নির্বাচনের কথা ছিল। কিন্তু নির্বাচিত হওয়ার পর বর্তমান সরকারি দল একটি অঙ্গীকার মেনে অন্যটি মানেনি বলে অভিযোগ করেন তিনি।
বিএনপিকে দেওয়া ওয়াদা পূরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
যুবসমাজের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার সমাজের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। পরিকল্পিতভাবে তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক দখলদারি, অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো এবং দলীয় প্রভাব বিস্তারেরও সমালোচনা করেন তিনি।