নাটোর প্রতিবেদক
প্রকাশ : ২৩ মিনিট আগে
নাটোরের একটি কমিউনিটি সেন্টারে খান ফাউন্ডেশনের ‘ভয়েস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় নীতিনির্ধারণে নারীর কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে সংলাপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নারীর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে একটি রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সব ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির রাজনীতি কখনোই নারীকে করুণার পাত্র ভাবেনি, ভেবেছে শক্তির আধার হিসেবে।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বাস করতেন, বাংলাদেশি জাতীয়তাবাদ কখনোই পূর্ণ হবে না যদি নারীকে ঘরের চার দেয়ালে বন্দি রাখা হয়। তাই ১৯৭৮ সালে তিনি যখন মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন, তখন তা ছিল কেবল একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা নয়, ছিল একটি রাষ্ট্রদর্শনের ঘোষণা।
জাতীয় সংসদের হুইপ শনিবার বেলা ১১টায় নাটোরের একটি কমিউনিটি সেন্টারে খান ফাউন্ডেশনের ‘ভয়েস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় নীতিনির্ধারণে নারীর কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
হুইপ দুলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের অধিকার ও মর্যাদাকে সমুন্নত করেছেন। তিনি পরিবারের জ্যেষ্ঠ নারীর জন্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করছেন। স্নাতক পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা বাস্তবায়ন করছেন। নারী জাগরণের অগ্রদূত শহীদ জিয়া এবং নারী ক্ষমতায়নের অগ্রদূত বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে তাদের যোগ্য উত্তরাধিকার প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন।
দুলু আরও বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ বাস্তবায়নের প্রতিফলন ঘটবে বিএনপির আগামী কাউন্সিলে। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলীয় নীতিনির্ধারণী পর্যায় এ ব্যাপারে সচেষ্ট। এর ফলে বিএনপির সাংগঠনিক সংগঠন এবং নির্বাচনে নারীদের ৩৩ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত হবে।
সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুফিয়া হকের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ।
সংলাপে অন্যদের মধ্যে বক্তব্য দেন ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, খান ফাউন্ডেশনের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো. সালাহউদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নীলুফার ইয়াসমিন। সংলাপে গণপ্রতিনিধিত্ব আদেশসহ নারীর ক্ষমতায়নে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন বিভিন্ন পর্যায়ে কর্মরত নারী নেতারা।