বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। সংগৃহীত
প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজেদের রাজনৈতিক অবস্থানে পরিবর্তন আনতে চায়। কট্টরপন্থি অবস্থান থেকে সরে এসে সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য ও গণমুখী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হতে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দলটি। এর অংশ হিসেবে প্রায় ৮৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দলটির গঠনতন্ত্রে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, গঠন করা হবে একটি নতুন উপদেষ্টা পরিষদ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি ও বিশেষজ্ঞদের যুক্ত করা হবে। তবে এই পরিষদের সদস্য হতে জামায়াতের রুকন (সদস্য) হওয়ার বাধ্যবাধকতা থাকবে না। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ইতোমধ্যে এ বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছে।
দলীয় সূত্র বলছে, জামায়াতের নীতিনির্ধারকরা মনে করছেন, একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে এবং রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখতে শুধু দলীয় নেতাকর্মীদের ওপর নির্ভর করলে চলবে না। এ জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভিজ্ঞতা ও পরামর্শ কাজে লাগাতে হবে। এত দিন রুকন বা শপথধারী সদস্যরাই দলটির নীতিনির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ভূমিকা রেখে আসছেন।
বর্তমানে জামায়াতের নীতিনির্ধারণী ফোরামগুলোর মধ্যে রয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও মজলিসে শূরা। এসব ফোরামে রুকন ছাড়া অন্য কারও অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই। এবারই প্রথম রুকন হওয়ার বাধ্যবাধকতা ছাড়াই একটি উপদেষ্টা পরিষদ গঠনের উদ্যোগ নিয়েছে দলটি।
দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে গঠনতন্ত্র সংশোধনের জন্য একটি কমিটি কাজ করছে। ওই কমিটিতে উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়টি আলোচনা হয়েছে। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদও নীতিগত সম্মতি দিয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
বিষয়টি নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল জুবায়ের বলেন, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। গঠনতন্ত্র সংশোধন কমিটিতে এ নিয়ে আলোচনা হয়েছে, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জামায়াত আমিরকে পরামর্শ দেওয়ার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের চিন্তা করা হচ্ছে। সংশোধন কমিটি পূর্ণাঙ্গ মতামত দেওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
দলীয় সূত্রমতে, সাবেক বেসামরিক ও সামরিক আমলা, সচিব, কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞদের এ পরিষদে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। দলটির নেতারা মনে করছেন, বিরোধী দল হিসেবে রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখতে হলে বিভিন্ন খাতের অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ প্রয়োজন। ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় যেতে চাইলে বিদ্যমান নীতিগত অবস্থানের পাশাপাশি বাস্তবতাভিত্তিক ও গ্রহণযোগ্য পরিকল্পনাও থাকতে হবে।
এ ছাড়া বিভিন্ন পেশাজীবী খাতে সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠার উদ্যোগ নিয়েছে জামায়াত। বিশেষ করে ক্রীড়াঙ্গন, সংস্কৃতি ও সাংবাদিকতায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায় দলটি। এ লক্ষ্যে সম্প্রতি যুব ও ক্রীড়া বিভাগ গঠন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতের ক্রীড়া বিভাগের উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশের ৫০০ উপজেলা থেকে সহস্রাধিক প্রতিনিধি এতে অংশ নেবেন। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
এ প্রসঙ্গে এহসানুল জুবায়ের বলেন, জামায়াতের ছায়া মন্ত্রিসভায় বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের নিয়ে একটি বড় দল কাজ করছে। তারা সংগঠনকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। সরকারের বিভিন্ন ভুলত্রুটি তুলে ধরার পাশাপাশি জামায়াত ক্ষমতায় গেলে সেসব সমস্যা কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়েও টেকসই সমাধান খোঁজা হচ্ছে।
জামায়াতকে আরও গণমুখী ও সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।