জেলখানার ডিভিশনের দাম ৫ লাখ টাকা!
সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
এক বছরেরও বেশি সময় কারাবন্দি,
জামিনের আগেই হত্যাসহ আরও একাধিক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ। গুরুত্বপূর্ণ
ব্যক্তি হিসেবে আদালত ও কারা কর্তৃপক্ষের মাধ্যমে দফায় দফায় ডিভিশন সুবিধার আবেদন করলেও
তা মঞ্জুর হয়নি। উলটো ডিভিশন সুবিধার কথা বলে বছর জুড়ে সাতক্ষীরা থেকে খুলনা ও কাশিমপুর,
পরে ফের সাতক্ষীরা কারাগারে টানাহেঁচড়া করা হয়েছে নারী বন্দিকে। আবেদনের ফাইল আটকে
বন্দির পরিবারকে ঘোরানো হয় এক জেলা থেকে অন্য জেলায়, ডিভিশন অনুমোদনের কথা বলে দাবি
করা হয় ৫ লাখ টাকা। কিন্তু, ঘুষ দিতে না পারায় কপালে ডিভিশন সুবিধা জুটেনি সংরক্ষিত
নারী আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরার মহিলা বিষয়ক
সম্পাদক লায়লা পারভীন সেঁজুতির।
বর্তমানে সাধারণ বন্দি হিসেবেই
সাতক্ষীরা কারাগারে রয়েছেন সংরক্ষিত নারী আসনের সাবেক এ সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী।
তিনবেলা কারাগারেই খাচ্ছেন সাধারণ বন্দিদের খাবার। টানা এক বছরেরও বেশি সময় ধরে কারাভোগ
করা লায়লা পারভীন সেঁজুতির সঙ্গে সম্প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউছার আজিজের
সাক্ষাতের পর এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সাতক্ষীরা
কারাগার পরিদর্শনে যান জেলা প্রশাসক কাউসার আজিজ, স্বাক্ষাৎ করেন সাবেক সংসদ সদস্য
লায়লা পারভীন সেঁজুতির সঙ্গে। সাক্ষাৎকালে কারাগারের সার্বিক পরিস্থিতি, বন্দিদের সুযোগ-সুবিধা
ও নিরাপত্তা-ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন তিনি। সে সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা,
কারা কর্তৃপক্ষের সদস্য ছাড়াও জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির ভারপ্রাপ্ত
সভাপতি ডা. আবুল কালাম বাবলা, বিএনপি নেত্রী ফরিদা আক্তার বিউটি এবং বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরাফাত হোসেন উপস্থিত ছিলেন।
লায়লা পারভীন সেঁজুতি সাতক্ষীরার
প্রয়াত রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা শহিদ সম আলাউদ্দীনের মেয়ে। তিনি শিক্ষকতা ছাড়াও
দৈনিক পত্রদূতের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী
সংসদ সদস্য মনোনীত হওয়া লায়লা পারভীন সেঁজুতি, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের
ক্ষমতাচ্যুতি এবং রাষ্ট্রপতি কর্তৃক জাতীয় সংসদ বিলুপ্তির ঘোষণার পর সংসদ সদস্য পদ
হারান। রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই সেঁজুতির বাড়ি-গাড়ি ও সম্পাদনায় প্রকাশিত পত্রিকা
অফিসেও অগ্নিসংযোগ করা হয়। পুড়িয়ে দেওয়া হয় সাতক্ষীরার আরেক বীর মুক্তিযোদ্ধা, জেলা
আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের পাঁচবারের নির্বাচিত সভাপতি অধ্যক্ষ
আবু আহমেদ সম্পাদিত দৈনিক কালের চিত্র পত্রিকা অফিস ও বাড়িও। ২০২৫ সালের ২০ মে রাতে
শহরের রাধানগরের নিজ বাড়ি থেকে লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেপ্তার করে পুলিশ; পরে হত্যাসহ
একাধিক মামলায় কারাবন্দি সেঁজুতিকে শ্যোন অ্যারেস্ট দেখায় আইনশৃঙ্খলা বাহিনী।
কারাগারে ডিভিশন সুবিধা না পেয়ে
সাবেক সংসদ সদস্য হয়েও সাধারণ বন্দিদের খাবার খাচ্ছেন, এমন তথ্য সামনে আসায় বিষয়টি
নিয়ে আলোচনা তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গণে।
সাবেক সংসদ সদস্য সেঁজুতির স্বামী
চ্যানেল আইয়ের সাংবাদিক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, “কারা কর্তৃপক্ষ ও আদালত- সব মাধ্যমেই সেঁজুতির ডিভিশন সুবিধার আবেদন
করেও ব্যর্থ হয়েছি। সাতক্ষীরা ডিসি অফিসে ডেকে দফায় দফায় হয়রানি আর অপারগতা প্রকাশের
পর ‘সাতক্ষীরায় নারী বন্দিদের ডিভিশন সুবিধা নেই’
জানিয়ে প্রথমে খুলনা কারাগার ও পরে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়া হয় সেঁজুতিকে।
ডিভিশন আবেদন মঞ্জুর করতে গাজীপুর ডিসি অফিস থেকে দাবি করা হয় ৫ লাখ টাকা, যা দর কষাকষিতে
৩ লাখে নামলেও শেষ পর্যন্ত তা দিতে না পারায় ডিভিশন আবেদন মঞ্জুর করেনি গাজীপুর ডিসি
অফিস। পরে সেঁজুতিকে ফের কাশিমপুর থেকে সাতক্ষীরা কারাগারে পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ।”
কারাগারে সাবেক সংসদ সদস্য লায়লা
পারভীন সেঁজুতির সাধারণ বন্দি হিসেবে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা কারাগারের
জেলার মো. মনির হোসেন। তিনি বলেন, ‘লায়লা পারভীন সেঁজুতির জন্য ডিভিশন সুবিধা চেয়ে
আবেদন করলেও, ডিভিশন মঞ্জুরের কোনো চিঠি কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছায়নি। ফলে সাধারণ
বন্দি হিসেবেই কারাগারে রয়েছেন তিনি, খাচ্ছেন সাধারণ বন্দিদেরই খাবার।’
মঙ্গলবার জেলা প্রশাসক মিজ কাউসার
আজিজ সাতক্ষীরা কারাগার পরিদর্শন করেছেন, তবে সে সময় লায়লা পারভীন সেঁজুতির সাথে তার
কী কথা হয়েছে, বা ডিভিশন সুবিধার বিষয়ে কিছু বলেছেন কি-না সে বিষয়ে তিনি অবগত নন বলেও
দাবি জেলারের।