আটক যুবকেরা। ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছাকাছি এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। এ সময় আরও চার যুবক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
গুলশান-২ নম্বর চত্বরের কাছে ওয়েস্টিন হোটেলের সামনে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আটক তিন যুবক হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন (২৯), পুরান ঢাকার চকবাজারের ফারহান আহম্মেদ (২৪) এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার সজিবুর রহমান (৩০)। সাব্বির মিরপুর-২ এবং সজিবুর মহাখালীর ওয়্যারলেস এলাকায় বসবাস করেন।
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
আবদুর রহিম জানান, রাতে গুলশান হয়ে বনশ্রীর বাসায় ফেরার পথে ওয়েস্টিন হোটেলের সামনে কয়েকজন যুবককে শেখ হাসিনার নামে স্লোগান দিতে শোনেন তিনি। পরে গাড়ি থামিয়ে তাদের পরিচয় জানতে চান। এ সময় সেখানে থাকা চারটি মোটরসাইকেলের মধ্যে কয়েকটি নিয়ে চার যুবক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে বাকি তিনজনকে আটকে রেখে পুলিশে খবর দেন তিনি।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করে। এ সময় তারা মদ্যপ অবস্থায় না বুঝে স্লোগান দিয়েছেন বলে দাবি করেন এবং এ জন্য দুঃখ প্রকাশ করেন। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।
আটক যুবকদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পুলিশ।
গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, “তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হবে।”