শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ১১:১০ এএম
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান। ছবি: সংগৃহীত
ডিসেম্বরে নয়, এখনই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান।
তিনি বলেছেন, ডিসেম্বরে নয়, এখনই বাংলাদেশে আসুন। প্রয়োজনে আপনাকে দেশে ফেরার টিকিট পাঠিয়ে দেওয়া হবে।
শনিবার বিকালে ময়মনসিংহের নান্দাইল চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নান্দাইল উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “আপনি বাংলাদেশে আসবেন বলছেন, আমরা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না, এখনই আসুন। প্রয়োজনে আমরাই টিকিট পাঠিয়ে দেব, তবু আসুন”।
তিনি আরও বলেন, “শিশু হত্যা, নারী হত্যা ও গণহত্যার বিচার এই মাটিতেই হবে। আপনারা শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে হুংকার দেন, বাস্তবে কিছুই হবে না। পালিয়েছেন, এবার হেঁটে হেঁটে হ্যান্ডকাফ পরে আসতে হবে এবং বিচারের আওতায় আসতে হবে”।
বিগত সরকারের সমালোচনা করে ইয়াসের খান চৌধুরী বলেন, “আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি করে দেশকেও বিভক্ত করেছিল। শহিদ জিয়াউর রহমানের বহুদলীয় রাজনীতি দেশে ঐক্য প্রতিষ্ঠা করেছিল। এখন আবার জিয়া পরিবারের কারণেই ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে”।
তিনি বলেন, “গত ১৭ বছরে দুর্নীতি, লুটপাট ও মানুষের ভোটাধিকার হরণের ঘটনা জনগণ ভুলে যায়নি। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে দেশ পুনরায় স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা লুণ্ঠিত করতে কাউকে দেওয়া হবে না। জুলাইয়ের হত্যাকাণ্ডের কথা দেশের জনগণ কোনো দিন ভুলবে না”।
জনগণের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন এবং তিনি উন্নয়ন শুরু করেছেন। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হবে”।
যারা উন্নয়নে বাধা দেবে বা ষড়যন্ত্র করবে, তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।