প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ১১:৩৭ এএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩ ১৪:১৩ পিএম
বিএনপির গণঅবস্থানকে কেন্দ্র করে পুলিশের সতর্ক অবস্থান। প্রবা ফটো
বিএনপির গণঅবস্থানকে কেন্দ্র করে দলটির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গণঅবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। জনসাধারণ ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে গণঅবস্থানে আসা নেতাকর্মীদের বিভিন্ন পয়েন্টে ব্যাগ তল্লাশিও করছে পুলিশ।
বুধবার (১১ জানুয়ারি) সকাল ৯টার পর থেকে নয়াপল্টন, পল্টন, ফকিরাপুল মোড় এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, পুরো রাজধানীকে একটি নিরাপত্তা সার্কিটের আওতায় নিয়ে আসা হয়েছে। পোশাকে, সাদা পোশাকে ব্যাপক নজরদারি চলছে। বিএনপির গণঅস্থানকে ঘিরে রাজধানীতে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে সে বিষয়টি মাথায় রেখে প্রতিটি থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও সাইবার ইউনিট সার্বক্ষণিক নজরদারি করছে। গোয়েন্দা পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, সোয়াট টিম প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে বিএনপির গণঅবস্থান কর্মসূচি বেলা ১১টায় শুরু করার অনুমতি থাকলেও দলটি সকাল ৯টার আগ থেকেই নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে আসতে থাকে।
ফকিরাপুল মোড়ে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের ডিসি মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম রাস্তাযর মুখে ব্যারিকেড দিয়ে ব্যাগ চেক করছেন। আর কাকরাইল নাইটেঙ্গেল মোড়েও সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বিএনপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তায় অবস্থান করতে বলা হচ্ছে। পলওয়েল সুপার মার্কেটের সামনের রাস্তা থেকে নেতাকর্মীদের সরে যেতে অনুরোধ করছেন। এছাড়া যান চলাচল স্বাভাবিক রাখতে বলা হচ্ছে।
এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলা করতে প্রস্তুত আছেন।’
ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, ‘বিএনপিকে জনদুর্ভোগ সৃষ্টি না করে গণঅবস্থান কর্মসূচি পালন করার শর্তে অনুমতি দেওয়া হয়েছে। আমরাও তাদের অনুরোধ করছি, তারা যেন রাস্তা বন্ধ না করে কমসূচি পালন করেন।’
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মো. ফারুক হোসেন বলেন, ‘রাজধানীতে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি কেউ করতে না পারে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘সকল রাজনৈতিক দলের কর্মসূচির প্রতি শ্রদ্ধা রেখে তাদের প্রতি অনুরোধ করেছি- কর্মসূচি পালনের মধ্য দিয়ে যাতে যান চলাচল বন্ধ না হয়ে যায়। যান চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা এবং যাতে জনদুর্ভোগ না হয় সেদিকে লক্ষ্য রাখবে এই প্রত্যাশা করি। আশা করি তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা এবং নিরাপত্তা তারা পাবেন। কোনো প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’