× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুদিনেও মেয়াদহীন ১০ অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি

আসাদ জামান

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১১:৫৩ এএম

বিএনপির লোগো। ছবি: সংগৃহীত

বিএনপির লোগো। ছবি: সংগৃহীত

প্রায় দুই দশক পর সরকার গঠন করে নির্বিঘ্নে আট মাস পার করেছে বিএনপি। দলটির এই সুদিনেও অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বেহাল। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল, তাঁতী দল, মৎস্যজীবী দল ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতৃত্ব পরিবর্তনের প্রশ্নে যেন মিলছে না হিসাব-নিকাশ। এগুলোর ১০টির নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে। কোনোটির নেতৃত্ব ঘোষণার পর পেরিয়েছে দীর্ঘ সময়। আবার কোনোটির নতুন কমিটি গঠনের আলোচনা মাঝপথে থমকে গেছে, আসেনি আনুষ্ঠানিক ঘোষণা।

মেয়াদ শেষ, নতুন নেতৃত্বের অপেক্ষায় ছাত্রদল

রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয় ২০২৪ সালের ১ মার্চ। দুই বছরের এ কমিটির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ১ মার্চ। মেয়াদ শেষ হয়েও পেরিয়ে গেছে আট মাস। 

গত ১৪ আগস্ট রাকিব-নাছির কমিটির নেতারা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। ওই সময় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে আলোচনা সামনে আসে। কিন্তু আড়াই মাস পেরিয়ে গেলেও ঘোষণা হয়নি নতুন কমিটি। 

এদিকে নতুন কমিটিতে কাঙ্ক্ষিত পদ পেতে দৌড়ঝাঁপ অব্যাহত রেখেছেন ছাত্রদলের নেতারা। এদের মধ্যে ছাত্রদলের সভাপতি পদে আমানউল্লাহ আমান, আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া এবং সাধারণ সম্পাদক পদে আবিদুল ইসলাম খান এবং নাহিদুজ্জামান শিপনের নাম সামনে আসছে। 

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘মেয়াদ শেষ হলেও পরবর্তী কমিটি ঘোষণার আগ পর্যন্ত দায়িত্ব পালন করে যেতে বাধা নেই। আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যেদিন নতুন কমিটি ঘোষণা করবেন, সেদিন আমাদের দায়িত্ব শেষ হবে।’

মেয়াদোত্তীর্ণ কমিটিতে চলছে স্বেচ্ছাসেবক দল

২০২২ সালের ৪ সেপ্টেম্বর এসএম জিলানীকে সভাপতি ও রাজিব আহসানকে সাধারণ সম্পাদক করে ঘোষণা করা হয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি। সে হিসাবে ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর ৩ বছর মেয়াদি এ কমিটির মেয়াদ শেষ হয়েছে। ১৩ মাস ধরে মেয়াদোত্তীর্ণ স্বেচ্ছাসেবক দলের এই কমিটি।  

অবশ্য এরই মধ্যে স্বেচ্ছাসেবক দলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য নেতৃত্ব নির্বাচনের বিষয়ে সম্প্রতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সংগঠনটির সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।

নতুন কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছেন ইয়াছিন আলী, ফখরুল ইসলাম রবিন, নাজমুল হাসান ও রফিকুল ইসলাম রফিক। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে সম্ভাব্যদের তালিকায় রয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন ও কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

এক কমিটিতে এক দশক মহিলা দলের 

আফরোজা আব্বাসকে সভাপতি ও সুলতানা আহমেদকে সাধারণ সম্পাদক করে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জাতীয়তাবাদী মহিলা দলের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। পরে ২০১৯ সালের ৪ এপ্রিল ২৬৫ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেয় বিএনপি। আংশিক কমিটি ঘোষণার পর ১০ বছর ১ মাস পার করেছে মহিলা দল। যদিও গঠনতন্ত্রে কাউন্সিলের বিধান রয়েছে তিন বছর পরপর।

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘মেয়াদ উত্তীর্ণ হবার পর দল যদি এই কমিটির প্রতি অনস্থা না জানায়, আমাদের তো কাজ করে যেতে বাধা নেই।’

শ্রমিক দলের এক যুগ পার এক কমিটিতে

মো. আনোয়ার হোসাইনকে সভাপতি ও নূরুল ইসলাম খান নাসিমকে সাধারণ সম্পাদক করে ২০১৪ সালের ২৮ এপ্রিল কমিটি ঘোষণা হয় জাতীয়তাবাদী শ্রমিক দলের। এর আগে ১৯ ও ২০ এপ্রিল অনুষ্ঠিত হয় সংগঠনটির সপ্তম জাতীয় কাউন্সিল। দুই বছর মেয়াদি এই কমিটির মেয়াদ ২০১৬ সালের ২৮ এপ্রিল শেষ হলেও গত সাড়ে দশ বছরে নতুন কমিটি দিতে পারেনি শ্রমিক দল। অর্থাৎ বর্তমান কমিটি ১২ বছর ৬ মাস ধরে দায়িত্ব পালন করছে। 

কৃষক দলের কমিটিও মেয়াদোত্তীর্ণ

হাসান জাফির তুহিনকে সভাপতি ও শহীদুল ইসলাম বাবুলকে সাধারণ সম্পাদক করে ২০২১ সালের ২০ সেপ্টেম্বর সাত সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। একই বছরের ৭ ডিসেম্বর ২৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় বিএনপি। এই কমিটির মেয়াদ ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর শেষ হয়েছে। এরপর ২ বছর ১ মাস পেরিয়ে গেলেও নতুন কমিটি দিতে পারেনি কৃষক দল। 

বিএনপির বর্তমান ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বিগত স্বৈরশাসনের আমলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ঠিকমতো কাজ করতে পারেনি। গণঅভ্যুত্থানের পর জাতীয় নির্বাচন, সরকার গঠন নিয়ে ব্যস্ত থাকায় কমিটি পুনর্গঠনের কাজ গুছিয়ে ওঠা সম্ভব হয়নি। খুব শিগগিরই এগুলো পুনর্গঠন করা হবে।’

মেয়াদোত্তীর্ণ কমিটিতে ১২ বছর মুক্তিযোদ্ধা দলের

২০১৩ সালের ডিসেম্বরে ইশতিয়াক আজিজ উলফাতকে সভাপতি ও সাদেক আহমেদ খানকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এর পরের বছর ২০১৪ সালের ২ ডিসেম্বর ১৯১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদ দেয় বিএনপি। আংশিক কমিটি ঘোষণার পর গত ১৩ বছরে আর কোনো নতুন কমিটি দিতে পারেনি মুক্তিযোদ্ধা দল।

চার বছর আগেই মেয়াদ শেষ তাঁতী দলের কমিটির

২০১৯ সালে আবুল কালাম আজাদকে আহ্বায়ক ও হাজী মজিবুর রহমানকে সদস্য সচিব করে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বর্তমান কমিটির মেয়াদ ২০২২ সালে শেষ হওয়ার কথা। কিন্তু দীর্ঘ সময়েও কেন্দ্রীয় কাউন্সিল ও নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের বিষয়টি নিষ্পত্তি হয়নি।

বিলুপ্ত কমিটি পুনর্গঠিত হয়নি মৎস্যজীবী দলের

২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি রফিকুল ইসলাম মাহতাবকে আহ্বায়ক ও আবদুর রহিমকে সদস্য সচিব করে গঠন করা হয়েছিল ১৫৪ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি । ২০২৪ সালের ২২ আগস্ট মাহতাবের মৃত্যুর পর ২৩ সেপ্টেম্বর বিলুপ্ত করা হয় কেন্দ্রীয় কমিটি। এরপর নতুন কমিটি না হওয়ায় অভিভাবকশূন্য রয়েছে সংগঠনটি।

দুই বছর আগে মেয়াদ শেষ জাসাস কেন্দ্রীয় কমিটির

২০২১ সালের ৬ নভেম্বর হেলাল খানকে আহ্বায়ক ও জাকির হোসেন রোকনকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৭১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০২৪ সালের ৬ নভেম্বর। কেন্দ্রীয় কাউন্সিল না হওয়ায় নতুন কমিটির অপেক্ষায় রয়েছেন সংগঠনটির পদপ্রত্যাশীরা।

ব্যতিক্রম শুধু যুবদল

বিএনপির ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে এই মুহূর্তে একমাত্র যুবদলের কমিটি গঠনতান্ত্রিক মেয়াদ উপভোগ করছে। ২০২৪ সালের ৯ জুলাই আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেয় বিএনপি। চলতি বছরের ৪ জুন ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পায়। ২০২৭ সালের ৯ জুলাই বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা