× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণঅবস্থানে অংশ নিতে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ০৯:৪৭ এএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩ ১০:৪৪ এএম

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচিতে অংশ নিতে জড়ো হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। প্রবা ফটো

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচিতে অংশ নিতে জড়ো হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। প্রবা ফটো

গণঅবস্থান কর্মসূচিতে অংশ নিতে ঢাকায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমায়েত হচ্ছে দলটির নেতাকর্মীরা। 

বুধবার (১১ জানুয়ারি) সকাল থেকেই নয়াপল্টন এলাকায় বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন।

সেখানে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় কাকরাইল মোড়সহ আশপাশের এলাকায় দেখা গেছে। ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটেঙ্গেল মোড় পর্যন্ত রাস্তার একপাশের পুরোটায় প্লাস্টিকের চাটাই বিছানো হয়েছে। 

বিএনপির ভাইস চেয়ারম্যান ও গণঅবস্থান কর্মসূচির সমন্বয়ক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করব। উপস্থিতি হবে অনেক।’

সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ নানা দাবিতে যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি হিসেবে দেশব্যাপী আজ এই গণঅবস্থান পালন করবে বিএনপি ও তাদের মিত্র দলগুলো। 

রাজধানীর নয়াপল্টনে সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু করার কথা রয়েছে। চলবে দুপুর ২টা পর্যন্ত।  

ঢাকা বিভাগীয় কর্মসূচি হিসেবে বিএনপির নয়াপল্টনে গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ড. খন্দকার মোশাররফ হোসেন। 

অন্য নয়টি সাংগঠনিক বিভাগীয় শহরে একযোগে ৪ ঘণ্টার এ কর্মসূচি পালন করবে বিএনপি। তবে সমমনা অন্য রাজনৈতিক দল ও সংগঠন শুধু ঢাকায় এ কর্মসূচি পালন করবে।

তারা রাজধানী ঢাকায় ছয়টি স্থানে গণঅবস্থান করবে। গণঅবস্থান কর্মসূচি থেকে বিদ্যুতের দাম কমানোর দাবিতে ১৬ জানুয়ারিতে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে বলেও শোনো যাচ্ছে। 

এ ছাড়া একদলীয় শাসনব্যবস্থা বাকশাল গঠনের দিন ২৫ জানুয়ারিতেও কর্মসূচি ঘোষণা করা হতে পারে। 

তবে জামায়াতে ইসলামী গণঅবস্থান না করে দেশের সব মহানগরে আলোচনা সভা করবে। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এক বিবৃতিতে জানান, ওয়ান-ইলেভেনের এ দিনটিকে তারা ‘গণতন্ত্র হত্যা দিবস, হিসেবে পালন করবে। দেশের সব মহানগরী শাখায় আলোচনা সভা হবে।

যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি ছিল গণমিছিল। বিএনপিসহ গণমিছিল কর্মসূচি পালন করে সাত দলীয় গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, ১২ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট, কর্নেল (অব.) ড. অলি আহমদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জামায়াতে ইসলামী। 

এসব দল ও জোটের পাশাপাশি এবার গণঅবস্থান কর্মসূচিতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে চারদলীয় জোট বাম গণতান্ত্রিক ঐক্য, মোস্তফা মহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম এবং ইয়ুথ ফোরাম, জিয়া নাগরিক সংসদ, বাংলাদেশ জাস্টিস পার্টি, জাতীয়তাবাদী চালকদলসহ ১৫টি সংগঠন। 

বিএনপি ছাড়া একই সময়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅবস্থান করার কথা রয়েছে সাতদলীয় গণতন্ত্র মঞ্চ, পূর্ব পান্থপথের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বিজয়নগর পানির ট্যাংকির সামনে ১২ দলীয় জোট, পুরানা পল্টন মোড়ে ১২ দলের জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয় প্রেস ক্লাবের সামনে (পূর্ব প্রান্তে) চারদলীয় বাম গণতান্ত্রিক ঐক্য এবং আরামবাগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে মোস্তফা মহসীন মন্টু নেতৃত্বাধীন গণফোরাম। 

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘মামলা-হামলা ও আদালতের রায়ের মাধ্যমে আন্দোলনকে দমিয়ে রাখতে চায় সরকার। কিন্তু জনগণ সরকারের এ সব ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে নেমে এসেছে। এর চূড়ান্ত পরিণতি না দেখে তারা ঘরে ফিরবে না।’

তিনি বলেন, ‘সরকার পতনসহ আমরা ১০ দফা দাবি দিয়েছি। তাতে বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন দিয়ে রাজপথে পৃথকভাবে কর্মসূচি পালন করছে। রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও চায় এ সরকারের পতন। সে লক্ষ্যে তারা আমাদের কর্মসূচিতে অংশও নিচ্ছে। আশা করি, গণঅবস্থান কর্মসূচিতেও সবাই অংশ নেবে।’

সিলেটে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, রাজশাহীতে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ময়মনসিংহে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত থাকবেন এই কর্মসূচিতে।

চট্টগ্রামে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, রংপুরে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, কুমিল্লায় ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। 

খুলনায় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও ফরিদপুরে ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান। এ ছাড়া কেন্দ্র গঠিত সমন্বয় টিমের দল নেতা, সমন্বয়কারী, সমন্বয় সহযোগীসহ বিভাগের অন্তর্গত জেলাগুলোর অধিবাসী কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সম্পাদক, সদস্য, জেলা, উপজেলা ও মহানগরসহ অন্যান্য নেতারা নিজ নিজ বিভাগীয় সদরের কর্মসূচিতে অংশ নেবেন। 

৩০ ডিসেম্বর যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ওইদিন গণঅবস্থানের একই কর্মসূচি ঘোষণা করে সমমনা দলগুলোও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা