বিএনপির রাজনীতি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার কারণ জানিয়েছেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। ফাইল ছবি
বিএনপির রাজনীতি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার কারণ জানিয়েছেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। তিনি বলেছেন, ৪০ বছর জাতীয়তাবাদের রাজনীতি করেছেন। কিন্তু যে রাজনৈতিক ধারায় ছিলেন, সেখানে এখন আর প্রত্যাশিত অগ্রযাত্রা নেই। তাই ন্যায় ও সাম্যের রাজনীতি প্রতিষ্ঠা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জামায়াতে যোগ দিয়েছেন।
কিশোরগঞ্জের কটিয়াদী বাসস্ট্যান্ডে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে শুক্রবার সকালে এসব কথা বলেন তিনি।
আখতারুজ্জামান বলেন, ‘৪০ বছর জাতীয়তাবাদের রাজনীতি করেছি। একটি বিশাল নদীতে ছিলাম। কিন্তু আজ সেই নদীতে চর পড়ে গেছে। তাই সেই নদী থেকে সরে এসেছি।’
বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে জামায়াতের সঙ্গে যুক্ত হয়েছেন বলেও জানান তিনি।
জামায়াতের নেতাকর্মীরা তাকে আপন করে নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সত্যের জয় হবে। তার সব নাজাতের উৎস পরম করুণাময় আল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্যই তিনি কাজ করেন। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। দেশকে আরও উন্নত পর্যায়ে নিতে আল্লাহর সহায়তা ও সম্মতি প্রয়োজন। ইসলামী আন্দোলনের মাধ্যমে সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করতে চান তারা।
বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ বলে মন্তব্য করেন বিএনপির সাবেক এই সংসদ সদস্য। সরকার পরিচালনার দায়িত্ব জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের হাতে তুলে দেওয়ার কথাও বলেন তিনি।
আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে আখতারুজ্জামান বলেন, মানুষ প্রস্তুত হয়ে আছে। সঠিক সময়ে ডাক দেওয়া হলে তারা আবারও রাজপথে নেমে আসবে।
নিজের গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারলেও ডিবি কখনো তার বাসায় গিয়ে গ্রেপ্তার করার ক্ষমতা রাখে না। ডিবির কাজ তদন্ত করা। এভাবে রাষ্ট্র পরিচালনা করা যায় না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের নবনির্বাচিত আমির মাওলানা আজিজুল হক। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম। বক্তব্য দেন সাবেক আমির অধ্যাপক মো. রমজান আলী, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, শহর জামায়াতের আমির মাওলানা আব্দুল হক, সদর উপজেলা জামায়াতের আমির ক্বারি নজরুল ইসলাম ও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু আহমেদ প্রমুখ।