× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একটি দলের মুখে ইসলামের কথা, কাজে প্রতিফলন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১৬:৫৬ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: প্রতিদিনের বাংলোদেশ

চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: প্রতিদিনের বাংলোদেশ

ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করলেও একটি দলের কর্মকাণ্ডে ইসলামের প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, মুখে ইসলামের কথা বললেও দলটির নির্বাচনি ইশতেহারে ইসলামি শাসনব্যবস্থা কিংবা শরিয়াভিত্তিক আইন প্রতিষ্ঠার কোনো অঙ্গীকার নেই। বরং ধর্মের নাম ব্যবহার করে তারা দেশে বিভক্তি সৃষ্টি করছে।

শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

সালাহউদ্দিন আহমদ বলেন, নিজেদের ইসলামি দল দাবি করলেও তাদের নির্বাচনি ইশতেহারে ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কথা নেই। শরিয়াভিত্তিক আইন চালুর বিষয়েও কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। মুখে এক কথা বললেও দলীয় ইশতেহার ও নথিপত্রে ভিন্ন চিত্র পাওয়া যায়।

বিএনপির অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি ইসলামি মূল্যবোধে বিশ্বাসী। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন। জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশের সব জনগোষ্ঠীকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় বিএনপি।

আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘ ১৬-১৭ বছরে আলেম-ওলামাসহ দেশের মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। শাপলা চত্বরের ঘটনায় অনেকে শহিদ হয়েছেন। তাদের সবার নাম ও কবরের ঠিকানা এখনও জানা যায়নি।

গণহত্যায় জড়িত ব্যক্তিদের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি দেশ ছেড়ে পালিয়েছে। নিজেদের কর্মকাণ্ডের জন্য তারা এখনও দুঃখ প্রকাশ বা অনুশোচনা করেনি। অনুতপ্ত না হওয়া পর্যন্ত দেশের মানুষ তাদের রাজনীতিতে ফিরতে দেবে না। শেখ হাসিনাও আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেন তিনি।

শ্রমিক আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের দাবি সরকার পূরণ করেছে। এখন শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট আন্দোলনের পরিবর্তে কিছু জায়গায় অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। গার্মেন্টস খাতে অস্থিতিশীলতা সৃষ্টির পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, সরকারের গঠনমূলক সমালোচনা করা যেতে পারে। তবে দেশের মানুষের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে সহযোগিতা করা যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, স্থানীয় সংসদ সদস্য সরওয়ার আলমগীর, রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা