এনসিপির জাতীয় নারীশক্তির মুখ্য সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পরিচয় ও রাজনৈতিক পুঁজি ব্যবহার করে কেউ কেউ প্রতিষ্ঠিত হয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এবং জাতীয় নারীশক্তির মুখ্য সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা।
তার অভিযোগ, জুলাই আন্দোলনে প্রত্যক্ষ অবদান না থাকলেও অনেকে এনসিপির বদৌলতে ‘জুলাই কন্যা’ পরিচিতি পেয়েছেন। অথচ দলের পরিচয় ব্যবহার করে প্রতিষ্ঠিত হওয়ার পর তারাই দলকে পেছন থেকে আঘাত করেছেন।
১১ জুন দেওয়া এক বক্তব্যে মনজিলা ঝুমা বলেন, “এনসিপি অনেককে অনেক কিছুই দিয়েছে। জুলাইয়ে ঘরে বা বিদেশে বসে থেকেও অনেকে ‘জুলাই কন্যা’ হয়ে গেছে এনসিপির বদৌলতে। পেছন থেকে ছুরিকাঘাত তারাই সবার আগে করেছে। এখনো তাদের মিডিয়া পরিচয় ‘সাবেক এনসিপি নেত্রী’। এনসিপি না থাকলে যাদের দিকে কেউ ফিরেও তাকাত না, এনসিপিকে তারা মই হিসেবে ব্যবহার করে নিজেকে সবকিছুর ঊর্ধ্বে ভাবা শুরু করেছে।”
দলের পরিচয় ও রাজনৈতিক পুঁজি ব্যবহার করে প্রতিষ্ঠিত কয়েকজনকে গণমাধ্যম ‘নারী সমাজের কণ্ঠস্বর’ হিসেবে তুলে ধরছে বলেও মন্তব্য করেন তিনি।
মনজিলা ঝুমা বলেন,“ যাদের জুলাই আন্দোলনে অবদান রয়েছে এবং যারা সত্যিকার অর্থে নতুন রাজনীতি করতে এসেছেন, তারা এখনও এনসিপিতে সক্রিয় রয়েছেন। কিন্তু জুলাইজুড়ে যারা নিশ্চুপ ছিলেন কিংবা আন্দোলনে কোনো অবদান রাখেননি, তাদের গণমাধ্যম-প্রযোজিত উত্থানকে দীর্ঘস্থায়ী রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক হবে না।”
তিনি বলেন, “যোগ্যতা থাকার পরেও অনেক প্রতিষ্ঠিত নারী কেন মিডিয়ায় ফোকাস পায়নি, সেটা আশা করি মানুষ এবার বুঝতে পারবে।”
নতুন রাজনৈতিক বন্দোবস্তের দর্শন তুলে ধরে এনসিপির এই নেত্রী বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে কেউ রাস্তা তৈরি করে দেবে আর অন্যরা শুধু সেই পথে হাঁটবেন, বিষয়টি এমন নয়। বরং গত ৫৫ বছরে যেসব পরিবর্তন আসেনি, যেসব সমস্যার সমাধান হয়নি এবং যে রাজনৈতিক সংস্কৃতি বারবার ব্যর্থ হয়েছে, সেসবের কারণ অনুসন্ধান করে প্রচলিত ধারার বাইরে নতুন পথ তৈরি করাই এর মূল দর্শন।
নারীদের প্রকৃত অংশগ্রহণ নিশ্চিত করার লড়াই চলছে উল্লেখ করে মনজিলা ঝুমা বলেন, এই লড়াই অনেক কঠিন। নানা ধরনের ট্যাগিং ও বুলিং সহ্য করেই তারা এগিয়ে যাচ্ছেন।
তার ভাষ্য, এনসিপিতে অসংখ্য প্রতিষ্ঠিত, জ্ঞানী, দক্ষ ও সাংগঠনিক সক্ষমতাসম্পন্ন নারী ছিলেন, আছেন এবং থাকবেন। নতুন যেসব নারী দলে যুক্ত হচ্ছেন, তারা নিজেদের মেধা, যোগ্যতা ও ভালোবাসা দিয়ে দলকে এগিয়ে নিতে চান। তাঁদের স্বাগত জানানোর কথাও বলেন তিনি।
সাবেক কয়েকজন নারী নেত্রীর অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন মনজিলা ঝুমা। তিনি বলেন, “দলে থাকাকালীন যারা “নারী নেত্রী” শব্দবন্ধনীর বিরোধিতা করে ইকুয়াল ট্রিটমেন্ট চেয়েছেন, পদত্যাগের পর তারাই কেন নারী কার্ড খেলছেন? দলে থাকলে একটা পুরুষের সমান লিডার, আর পদত্যাগের সময় “নারী নেত্রী”? এ কেমন খেলা!”