× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংবিধান সংস্কারে ১১ দলের পাল্টা কমিটি

হাসান ইমন

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ ১৫:২৯ পিএম

১১ দলের লোগো। ছবি: সংগৃহীত

১১ দলের লোগো। ছবি: সংগৃহীত

সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠন হওয়ার প্রায় পাঁচ মাস পর সংবিধান সংস্কার ইস্যুতে পাল্টা উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। এ লক্ষ্যে এ জোট ১৫ সদস্যের একটি স্ট্যান্ডিং কমিটি গঠন করেছে। তবে এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

কমিটিতে ১১-দলীয় জোটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি জুলাই আন্দোলনের অংশীজনদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এ কমিটি সংবিধান সংস্কারের দাবি তুলে ধরবে। পাশাপাশি সংসদ বর্জন এবং রাজপথে বড় সমাবেশসহ কঠোর কর্মসূচির বিষয়টিও বিবেচনায় রয়েছে এ ঐক্যজোটের।

এ বিষয়ে ১১-দলীয় ঐক্যজোটের প্রধান সমন্বয়ক ড. এইচ এম হামিদুর রহমান আযাদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “আগামী দিনের কর্মসূচি নির্ধারণে খুব শিগগির জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। সংবিধান সংস্কারের বিষয়ে ১৫ সদস্যের একটি স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি সেমিনার, সিম্পোজিয়াম ও আলোচনা সভার আয়োজন করবে। পাশাপাশি জুলাই আন্দোলনের অংশীজনদের মতামত এবং অভিজ্ঞতাও সামগ্রিক আলোচনায় তুলে ধরা হবে”।

প্রসঙ্গত, গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠিত হয় জাতীয় সংসদে। সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম সংসদে এ কমিটি গঠনের প্রস্তাব দেন। বিশেষ এই কমিটি ১৭ সদস্য বিশিষ্ট হওয়ার কথা থাকলেও বিরোধী দলের জন্য নির্ধারিত পাঁচটি পদে সদস্যের নাম জমা না দেওয়ায় এর বর্তমান সদস্য সংখ্যা ১২। এ প্রসঙ্গে চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, বিরোধী দলের সঙ্গে কয়েক দফা আলোচনার পরও তারা নাম দেয়নি। তবে ভবিষ্যতে নাম জমা দিলে সদস্য অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে।

বিশেষ এই কমিটি গঠনের প্রায় পাঁচ মাস পর সংবিধান সংস্কারের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে জোটের অভ্যন্তরে আলোচনার পরিপ্রেক্ষিতে ১৫ সদস্যের স্ট্যান্ডিং কমিটি গঠন করেছে ১১-দলীয় ঐক্য। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, সংবিধান সংস্কারের বিষয়টি জাতীয় রাজনীতিতে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। কমিটির মাধ্যমে রাজনৈতিক ও নীতিগত অবস্থান নির্ধারণ, কর্মসূচি প্রণয়ন এবং জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এ কমিটিতে রয়েছেন জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের প্রধান সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ, সিনিয়র আইনজীবী শিশির মনির, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন, জুলাই শহীদ জাবের ইব্রাহিমের মা ও সংসদ সদস্য রোকেয়া বেগম এবং লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি।

কমিটির মূল দায়িত্ব হবে সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা, রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা এবং সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া। এ জন্য কমিটির পরিকল্পনা রয়েছে আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক, নাগরিক সমাজের প্রতিনিধি ও পেশাজীবী সংগঠনের নেতাদেরও আলোচনায় সম্পৃক্ত করার। সেমিনার, সিম্পোজিয়াম ও মতবিনিময়ের মাধ্যমে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত সংগ্রহ করে এ বিষয়ে জনমত গড়ে তুলতে চাইছে এ জোট। এ আলোচনায় বিশেষ করে জুলাই আন্দোলনের অংশীজনদের অভিজ্ঞতা ও মতামত গুরুত্ব পাবে।

সংবিধান সংস্কার ইস্যুতে সংসদে নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী সংসদীয় কার্যক্রম বর্জনের বিষয়টিও বিবেচনা করছে ১১-দলীয় ঐক্য। দাবি আদায়ে সরকারের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে সংসদ বর্জনের বিষয়টি তারা বিবেচনায় রেখেছে। তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করা হয়নি। 

১১-দলীয় ঐক্যজোটের এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিসহ বিভিন্ন ইস্যুতে রাজপথে আরও কঠোর অবস্থান নেবে ১১-দলীয় জোট। কর্মসূচির ধরনেও পরিবর্তন আনার চিন্তা করছে জোটটির নীতিনির্ধারকরা। এর অংশ হিসেবে সংবিধান সংস্কারবিষয়ক কমিটি গঠন এবং সংসদ বর্জনের মতো কর্মসূচিও বিবেচনায় রয়েছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা