মাগুরায় হত্যা ও সোনা ডাকাতি
মাগুরা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১৯:১৮ পিএম
গোলাম জাহিদ। ছবি: সংগৃহীত
মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেন হত্যা এবং প্রায় তিন কোটি টাকা মূল্যের ১৫০ ভরি সোনা ডাকাতির ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গোলাম জাহিদ এবং মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মারুফ হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম) গোলাম জাহিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যাকাণ্ডের পর থেকেই গোলাম জাহিদ আত্মগোপনে ছিলেন। ভোরে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে। এ নিয়ে চাঞ্চল্যকর এই ঘটনাগুলোতে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ্-আল-মামুনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সু-স্পষ্ট অভিযোগের ভিত্তিতে সংগঠনটির মাগুরা জেলা শাখার আহ্বায়ক মো. গোলাম জাহিদ এবং মাগুরা সদর পৌর শাখার আহ্বায়ক মো. মারুফ হোসেনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
একই সঙ্গে দলের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্র জানায়, এর আগে গ্রেপ্তার হওয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারুফ হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতি হওয়া সোনার পাঁচটি বার উদ্ধার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। তবে ১৫০ ভরি সোনা ডাকাতি এবং যুবদল নেতা সাকের হোসেন হত্যার ঘটনা দুটি পরস্পরের সঙ্গে সম্পর্কিত কি না, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
মামলার বিবরণ ও পুলিশের তদন্ত সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর ভোরে মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেন (৩৯)। এ ঘটনায় ২২ অক্টোবর নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা ও অস্ত্র আইনে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, হত্যাকাণ্ডের পরদিন রাতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রনি শিকদার (৩৮) ও শামীমা তাবাসসুমকে (৩১) গ্রেপ্তার করা হয়; তাদের ৫ দিনের রিমান্ড ইতোমধ্যে শেষ হয়েছে। পরে সন্দেহভাজন হিসেবে ঝিনাইদহের ‘গিনি হাউস’ নামের একটি জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক অনিমেষ মজুমদারকে (৫৫) গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, হত্যাকাণ্ডের তদন্ত চলাকালেই মাগুরায় পুলিশ পরিচয়ে সোনা ডাকাতির আরেকটি চাঞ্চল্যকর মামলার তথ্য সামনে আসে। মানিকগঞ্জের সিংগাইর এলাকার সোনা ব্যবসায়ী মো. মজিবর রহমান গত ২৭ অক্টোবর দিবাগত রাতে মাগুরা সদর থানায় মামলাটি করেন।
মামলার এজাহারে মজিবর রহমান উল্লেখ করেন, গত ৬ অক্টোবর ঢাকার তাঁতীবাজার থেকে ২ কোটি ৯০ লাখ টাকা মূল্যের ১৫০ ভরি তেজাবি সোনা এবং নগদ ৬০ হাজার টাকা নিয়ে ‘গোল্ডেন লাইন’ পরিবহনের বাসে ঝিনাইদহের ব্যবসায়ী অনিমেষ মজুমদারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। দুপুর ১২টা ৫০ মিনিটে বাসটি মাগুরার রামনগর বাজার এলাকায় পৌঁছালে ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল নিজেদের ‘পুলিশ’ পরিচয়ে বাসটি থামায়। পরে তারা মজিবরকে জোরপূর্বক নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে লোহার রড দিয়ে পিটিয়ে তার ডান কাঁধের হাড় ভেঙে দেয় এবং প্যান্টের গোপন পকেটে থাকা সোনা ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, যুবদল নেতা সাকের হোসেন হত্যা ও ১৫০ ভরি সোনা ডাকাতির ঘটনার মূল রহস্য উন্মোচনে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা নিবিড়ভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।