× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাধা ছাড়াই আলোচনা সভা করল জাসদ

সৌরভ হোসেন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ০৯:৫০ এএম

বাধা ছাড়াই আলোচনা সভা করল জাসদ

রাজধানীর গুলিস্তানে গত ২৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় প্রতিনিধি সভা করতে গিয়ে উত্তেজনা-সংঘাত ও পুলিশি আটক-হয়রানির মধ্যে পড়েছিল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সংগঠকরা।

তবে এক মাস পর গতকাল শনিবার একই স্থানে কোনো বাধা-বিপত্তি ছাড়াই প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা করেছে তারা। কর্মসূচি ঘিরে প্রতিবন্ধকতা ও অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা থাকলেও সরেজমিন দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতার মধ্যে কোনো সংঘাত বা বিশৃঙ্খলা ছাড়াই সভা করেছে জাসদ। এ সময় দলীয় কার্যালয় ও আশপাশে উপস্থিত ছিল শতাধিক পুলিশ সদস্য। জাসদ সংগঠকদের ভাষ্যমতে, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি তাদের ‘প্রথম নির্বিঘ্ন ও সফল’ কেন্দ্রীয় সভা।

গতকাল বিকালে ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এ আলোচনা সভা করা হয়। কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দলের সহসভাপতি মীর হোসাইন আখতার। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর একই কার্যালয়ে জাসদের কেন্দ্রীয় প্রতিনিধি সভায় ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সেখানে অস্থিতিশীল ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পুলিশ ওই কার্যালয় থেকে ২৮৯ জনকে আটক করে। পরে তাদের ২৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের অভিযোগ ছিল, জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল।

তবে জাসদের দাবি, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি নিয়েই কেন্দ্রীয় প্রতিনিধি সভার আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা চার শতাধিক নেতাকর্মী অংশ নেয়। সভার একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা সেখানে হামলা চালায়। পরে পুলিশ কার্যালয় ঘেরাও করে নেতাকর্মীদের আটক করে নিয়ে যায়। অবশ্য রাতেই অনেককে ছেড়ে দেওয়া হয়।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর সভা নির্বিঘ্নে শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেন দলটির নেতাকর্মীরা। সভায় অংশ নেওয়া জাসদের একজন কর্মী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এবার কোনো ধরনের ঝামেলা ছাড়াই আমরা সভা শেষ করতে পেরেছি। এই সভার মধ্য দিয়ে আমরা সাংগঠনিক কার্যক্রম আরও সামনের দিকে এগিয়ে নিতে চাই।’

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দলের ৫৪ বছরের রাজনৈতিক সংগ্রাম, মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন নেতারা। সভায় উপস্থিত ছিলেন জাসদের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, আফজাল হোসেন খান জকি, বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল ও মীর্জা মো. আনোয়ারুল হকসহ কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া জাতীয় যুব জোট, জাতীয় নারী জোট, জাতীয় শ্রমিক জোট ও জাসদ ছাত্রলীগের নেতারাও বক্তব্য দেন। 

সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধবিরোধী ও সাম্প্রদায়িক শক্তি এবং সাম্রাজ্যবাদী প্রভাব থেকে দেশকে মুক্ত করার সংগ্রাম জোরদার করতে হবে। মবের দৌরাত্ম্য, বিচারহীনতা ও নিয়ন্ত্রিত গণতন্ত্রের অবসান ঘটিয়ে আইনের শাসন, ন্যায়বিচার এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে হবে। একই সঙ্গে তারা জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তি দাবি করেন। তাদের অভিযোগ, মিথ্যা মামলায় প্রহসনমূলক বিচার ও ফরমায়েশি রায়ের মাধ্যমে তাকে দণ্ডিত করা হয়েছে।

জাসদের বিভিন্ন জেলা ও উপজেলা কমিটিও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দলের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা