জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করেছে দলটি।
কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেল ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাসদের সহসভাপতি মীর হোসাইন আখতার। সঞ্চালনা করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু।
আলোচনা সভায় বক্তব্য দেন জাসদের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, আফজাল হোসেন খান ঝকি ও বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা। এ ছাড়া বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল ও মীর্জা মো. আনোয়ারুল হক, কোষাধ্যক্ষ মো. মনির হোসেন, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, সহসম্পাদক আলী হাসান তরুন, জাতীয় নারী জোটের নেত্রী পারভেজ আক্তার শিল্পী, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ এবং জাসদ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহসভাপতি গোলাম কিবরিয়াসহ অন্য নেতারা।
সভায় বক্তারা দলের প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজ পরিবর্তন ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদ, ত্যাগ স্বীকারকারী এবং কারাবরণকারী নেতা-কর্মীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, নানা রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও জাসদের নেতা-কর্মীরা দলের আদর্শ ও পতাকা সমুন্নত রেখেছেন।
বক্তারা মিথ্যা মামলায় প্রহসনমূলক বিচারের মাধ্যমে ফরমায়েশি রায়ে দণ্ডিত দলের সভাপতি হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
তারা অভিযোগ করেন, বাংলাদেশ বর্তমানে গভীর রাজনৈতিক সংকটে রয়েছে। মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ও সাম্রাজ্যবাদী প্রভাবের কারণে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র হুমকির মুখে পড়েছে। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে এবং পাকিস্তানপন্থি ধর্মান্ধ ও সাম্প্রদায়িক রাজনীতি-সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, মব ও বিচারহীনতার সংস্কৃতি দেশকে গ্রাস করছে। অসম চুক্তির মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন হচ্ছে। এসব পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করা, নিয়ন্ত্রিত গণতন্ত্রের অবসান এবং বিচারব্যবস্থার স্বাধীনতা প্রতিষ্ঠার সংগ্রামের অংশ হিসেবে হাসানুল হক ইনুর মুক্তির আন্দোলন জোরদার করতে হবে।