× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আপস নয়, প্রয়োজনে আরও কঠোর আন্দোলন: শফিকুর রহমান

খুলনা অফিস

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ১৬:৫৩ পিএম

খুলনার বাবরী চত্বরে শনিবার বিকালে আয়োজিত পথসভায় বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনার বাবরী চত্বরে শনিবার বিকালে আয়োজিত পথসভায় বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দাবি আদায় না হলে আন্দোলন ধারাবাহিকভাবে আরও কঠোর ও শক্তিশালী কর্মসূচির দিকে এগিয়ে নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনও আপসের সুযোগ নেই। জীবন চলে গেলেও জাতির সঙ্গে বেইমানি নয়।

সাত দফা দাবিতে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে শনিবার বিকাল ৩টায় খুলনার বাবরী চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা রাস্তায় নেমেছি গণভোটের রায় বাস্তবায়ন করতে। আমাদের পরিষ্কার বার্তা, এই রায় বাস্তবায়ন হবে, ইনশাআল্লাহ। বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি একের পর এক আরও শক্তিশালী হবে।

জনগণের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যেই এই আন্দোলন। দাবি বাস্তবায়নের পরই কর্মসূচি সমাপ্তির ঘোষণা দিতে চান তারা।

তিনি বলেন, নির্বাচনের আগে গণভোটের পক্ষে অবস্থান নিয়ে বিজয়ী হওয়ার পর সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে সেই রায় অস্বীকার করা হচ্ছে। ৭০ শতাংশ ভোটার গণভোটের পক্ষে মত দিলেও সংসদে দাঁড়িয়ে তা না মানার অবস্থান নেওয়া হয়েছে। জনগণের ভোটের রায় নিয়ে এমন অবস্থান মেনে নেওয়া হবে না। রায় বাস্তবায়নে কোনো ধরনের বিলম্বও সহ্য করা হবে না।

বিরোধীদলীয় নেতা বলেন, আমরা এ দেশের প্রত্যেক নাগরিকের বিজয় ও মুক্তি চাই। শোষণমুক্ত, বৈষম্যহীন, সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কোরআন ও সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালনার ব্যবস্থা প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।

সরকারের বিভিন্ন উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, কয়েকটি কার্ড বিতরণ করে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। কিন্তু সমাবেশে উপস্থিত কেউ কৃষক কার্ড বা অন্য সুবিধার কার্ড পেয়েছেন কি না, জানতে চাইলে উল্লেখযোগ্য সাড়া পাওয়া যায়নি। এক হাজার থেকে আড়াই হাজার টাকার কার্ড দেওয়ার প্রচার চালানো হলেও গ্যাস ও বিদ্যুৎ বিলের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে প্রতি মাসে প্রায় পাঁচ হাজার টাকা আদায় করা হচ্ছে। গ্যাস সরবরাহ না থাকলেও বিল দিতে হচ্ছে, বিদ্যুৎ না পেলেও বিল আসছে। এভাবে জনগণের অর্থ আদায় করা হচ্ছে।

কৃষি খাতের দুরবস্থার কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, কৃষক সার পাচ্ছেন না। অথচ নতুন করে সার ডিলার নিয়োগে ২০, ২৫ ও ৩০ লাখ টাকা থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে হইচই ও সংঘর্ষ হচ্ছে, প্রাণহানির ঘটনাও ঘটছে। কিন্তু কৃষকের সারপ্রাপ্তি নিশ্চিত হচ্ছে না।

তিনি বলেন, জুলাই আন্দোলনসহ গত সাড়ে ১৫ বছরে যারা হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের বিচারের দাবিতে তারা রাজপথে নেমেছেন। তাদের প্রিয় হাদি হত্যারও বিচার চান। সরকারি দলের চাঁদাবাজদের হাত থেকে মানুষকে মুক্ত করা, জনগণের অর্থ লুটপাট ও বিদেশে পাচার বন্ধ এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, এসব দাবি কোনো দল বা জোটের একক দাবি নয়; দেশের প্রতিটি মানুষের বাঁচা-মরার প্রশ্ন। জনগণ তাদের সঙ্গে রয়েছে। রাজপথে হাজার হাজার নারী-পুরুষের উপস্থিতি ও সমর্থন সেই বার্তাই দিচ্ছে।

প্রয়োজনে খুলনা থেকে ঢাকামুখী কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তখন গ্রামবাংলার প্রতিটি ঘর থেকে মানুষকে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিতে হবে। ১১ দলের বিজয় নয়, তারা চান বাংলাদেশের জনগণের বিজয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।

তিনি জানান, ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হয় ১১ দলীয় ঐক্যের তৃতীয় লংমার্চ। এর আগে শাপলা চত্বর থেকে চট্টগ্রামের লালদীঘি এবং মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুর জেলা স্কুল মাঠ পর্যন্ত দুটি লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। এবারের কর্মসূচি কুষ্টিয়ায় গিয়ে শেষ হবে। সমাবেশের শেষ পর্যায়ে তিনি বলেন, ‘জুলুমবাজদের পতন হবে, জনগণের বিজয় হবে। এই দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’

১১ দলীয় ঐক্যের লংমার্চ বাস্তবায়ন কমিটির খুলনার আহ্বায়ক ও খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে পথসভায় সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।

সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, ড. শফিকুল ইসলাম মাসুদ, মো. ইজ্জত উল্লাহ, জাগপার মুখপাত্র রাশেদ খান প্রধান, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল, এনসিপির আবদুল হান্নান মাসউদ, ঢাকা মহানগর জামায়াতের আমির সেলিম উদ্দিন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কয়রা-পাইকগাছা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।

উল্লেখ্য, শিববাড়ি মোড়ে ১১ দলের পথসভা শুরু হয় বেলা ১১টায়। সেখানে দুপুর সাড়ে ১২টায় লংমার্চের গাড়িবহর পৌঁছার কথা থাকলেও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানে নেতৃত্বাধীন বহরের মাথা পৌঁছে বেলা আড়াইটায়। কিন্তু বহরের শেষাংশ রূপসা সেতু পার হতে লেগে যায় সাড়ে তিনটা। বিকাল চারটায় শৃংখলা বিভাগের গাড়িতে থাকা মো. শহীদুল ইসলাম বলেন, আরও অন্তত দু’শ গাড়ি নগরীতে প্রবেশ না করে জিরো পয়েন্ট থেকে বাইপাস সড়ক দিয়ে ফুলতলার দিকে গিয়ে বহরে অংশ নেয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা