রাশেদ খাঁন। ছবি: রাশেদ খাঁনের ফেসবুক প্রোফাইল থেকে
ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চে প্রায় সব জেলায় পথসভা করার কর্মসূচি থাকলেও গোপালগঞ্জে কোনো পথসভা রাখেনি ১১ দলীয় জোট। গোপালগঞ্জবাসীর ভয়ে জামায়াতে ইসলামী জেলাটিতে পথসভা করতে সাহস পাচ্ছে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, জামায়াতে ইসলামী ঢাকা থেকে লংমার্চ করে খুলনায় যাচ্ছে। পথে সব জেলায় পথসভা করার পরিকল্পনা থাকলেও শুধু গোপালগঞ্জে কোনো পথসভা রাখা হয়নি। বিষয়টি নিয়ে দলটি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে।
এ প্রসঙ্গে জামায়াতের রাজনৈতিক পরিপক্বতা নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, একটি দল রাজনৈতিকভাবে কতটা অপরিপক্ব হলে এমন একটি বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করতে পারে!
জামায়াতের সাহস ও ঈমান নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন।
তিনি লেখেন, দলটির নেতারা প্রায়ই বলেন, এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। অথচ গোপালগঞ্জবাসীর ভয়ে সেখানে কোনো পথসভা করতে চাইছে না জামায়াতে ইসলামী।
তার ভাষায়, “এই হলো তাদের ঈমান, এই হলো তাদের সাহস।”
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমসহ জামায়াত নেতাদের সমালোচনা করে রাশেদ খাঁন আরও লেখেন, এই ঈমান ও সাহস নিয়েই তারা নাকি গণভবন দখলের নকশা তৈরি করেছিলেন। গোপালগঞ্জ অভিমুখে লংমার্চ করে সেখানে যাওয়ার মতো সাহস তারা দেখাতে পারতেন বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতের কাছ থেকে জনগণ একটি লড়াই দেখতে চেয়েছিল উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, দলটি বিরোধী দল হবে, অথচ গোপালগঞ্জে পথসভা করলে তা উসকানি হিসেবে বিবেচিত হতে পারে- এমন আশঙ্কায় কর্মসূচি থেকে সরে এসেছে। এ কারণে লংমার্চ সফল করতে জামায়াতের নেতা মিয়া গোলাম পরওয়ার গোপালগঞ্জবাসীর দোয়া চেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
রাশেদ খাঁনের দাবি, জামায়াত গোপালগঞ্জ অভিমুখে লংমার্চ নিয়ে গিয়ে জেলাটিকে স্বাধীন ঘোষণা করার মতো দুঃসাহস দেখালে জনগণ তাদের রাজনৈতিক অবস্থান ও সাহস সম্পর্কে আরও বেশি বিশ্বাস করতে পারত।
প্রসঙ্গত, সাত দফা দাবিতে শনিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে বিপুলসংখ্যক যানবাহন নিয়ে ঢাকা-কুষ্টিয়া-খুলনা লংমার্চ শুরু করেছে ১১ দলীয় জোট।
এর আগে একই দাবিতে গত ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচি পালন করেছিল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট।