রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ ১৯:০১ পিএম
রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে এনসিপির অঞ্চলভিত্তিক সমন্বয় সভার আগে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন নাহিদ ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সরকার দলীয় অন্তর্কোন্দলে এখন পর্যন্ত কয়েকশ মানুষ হতাহত হয়েছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, নির্বাচন কমিশন, পুলিশ ও প্রশাসন দলীয়করণ হয়েছে। এ অবস্থায় স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হওয়া সম্ভব না।
বুধবার রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে এনসিপির অঞ্চলভিত্তিক সমন্বয় সভার আগে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ১১ দলীয় জোটের সুস্পষ্ট প্রস্তাবনা নির্বাচন কমিশনকে দেওয়া হবে। সেই প্রস্তাবনার মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন হবে।
এনসিপির এই নেতা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে পরাজিত হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে বিলুপ্ত হয়েছে। বাংলাদেশের মানুষ, ছাত্র-জনতা জীবন দিয়ে এ ফ্যাসিবাদকে উৎখাত করেছে। আওয়ামী লীগের কোনো তৎপরতা নেই, এটা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে চাপে রাখার জন্য কাজ করছে। আওয়ামী লীগ পরাজিত হলেও তাদের দোসররা রয়েছে। ফ্যাসিবাদ একদিকে, স্বেরাচার একদিকে, আর নতুন চাঁদাবাজ এখন মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর কিছু উদ্যোগ নেওয়া হলেও প্রয়োজনীয় সময় পাওয়া যায়নি। বর্তমান সরকারের সেই কাজ করার কথা ছিল। কিন্তু তারা পুরোনো কায়দায় পুলিশকে ব্যবহার করছে।
সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহসাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল উপস্থিত ছিলেন। এনসিপির উদ্যোগে আয়োজিত এ সমন্বয় সভায় ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার দলটির সংশ্লিষ্ট ইউনিটের প্রতিনিধিরা অংশ নেন।