বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত র্যালি।
১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি একত্রিত হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।
তিনি বলেছেন, বিরোধী দল জাতীয় সংসদে এক ধরনের বক্তব্য দেয়, আবার বাইরে গিয়ে তার উল্টো বক্তব্য দেয়। এ ধরনের দ্বিচারিতার রাজনীতি জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর হেলাল বলেন, জাতীয়তাবাদী যুবদল বিএনপি পরিবারের সবচেয়ে সুশৃঙ্খল সংগঠন। পলাতক ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্রের প্রশ্নে তিনি যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, পলাতক খুনি হাসিনার শাসনামলে দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পুনর্গঠনে দিনরাত পরিশ্রম করছেন। ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তার এ দেশে ফিরে আসার সুযোগ নেই। আর ফিরে আসতে চাইলে দেশের প্রচলিত আইনে তার বিচার হবে।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঐক্যবদ্ধ থাকা, সংগঠনকে শক্তিশালী করা এবং মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করতে হবে।
এ সময় তিনি যুবসমাজকে দেশ গঠনের কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দলীয় শৃঙ্খলা, পারস্পরিক সম্মান ও জনমানুষের প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
তিনি সাম্য ও মানবিক বাংলাদেশ গঠনে মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে যুবদলকে ভূমিকা রাখার আহ্বান জানান।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বক্কর বলেন, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ও হাসিনাবিরোধী আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সংগঠনটির ঐক্য ও শৃঙ্খলার ধারাবাহিকতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকে যুব ঐক্য ও প্রগতির মূলমন্ত্রে জাতীয়তাবাদী যুবদল এগিয়ে যাচ্ছে।
প্রতিহিংসা নয়, সহনশীলতা; বিভেদ নয়, ঐক্য এবং দখলদারত্ব নয়, জনসেবাকে রাজনৈতিক চর্চার মূল ভিত্তি করার আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।