নাটোর প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৯:৫৩ পিএম
ফাইল ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো বাড়াবাড়ি করলে জনগণ তাদের উচিত শিক্ষা দিয়ে দেবে এবং তাদের দেশবিরোধী সব চক্রান্ত রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি রাজপথেই থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা যুবদল আয়োজিত এক আলোচনা সভায় মঙ্গলবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাটোর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এ সভার আয়োজন করা হয়।
বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগ শাসনের নামে ১৭ বছর ধরে বাংলাদেশকে শোষণ করেছে। এখন তারা পাশের দেশে বসে দেশকে অশান্ত ও অকার্যকর করতে গোপন ষড়যন্ত্র করছে।
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ও সালাউদ্দিন আহমেদ চৌধুরীর মতো নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে। অথচ বিরোধী দল যেকোনো ছোটখাটো বিষয় নিয়েই আন্দোলন শুরু করে দেয়। আওয়ামী লীগ এই আন্দোলনের সুযোগ নিয়ে দেশে বিশৃঙ্খলা ও অস্থিরতা তৈরির অপচেষ্টা করতে পারে।
সরকারের মেয়াদ ও আগামী নির্বাচন প্রসঙ্গে দুলু বলেন, “জনগণ আমাদের ৫বছরের জন্য ভোট দিয়েছে, আমরা বিএনপি সরকার ৫ বছর দেশ পরিচালনা করি, ৫ বছর পর কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে, আমরা ভালো করলে জনগন বিএনপিকে ভোট দিবে। আমরা খারাপ করলে আমাদের বাদ দিয়ে জনগন আপনাদের ভোট দিবে। অযথা আন্দোলন সংগ্রামের নামে আওয়ামী লীগকে দেশ অশান্ত করার সুযোগ দিবেন না।”
তিনি আরও বলেন, বিএনপি ও দেশের মানুষের ভদ্রতা ও নীরবতাকে পলাতক শেখ হাসিনা ও তার দলের নেতা-কর্মীরা দুর্বলতা ভেবে ‘আসবে আসবে’ বলে ভীতি সৃষ্টির চেষ্টা করছে। দেশের মানুষ নিষিদ্ধ ‘ফ্যাসিস্ট’ আওয়ামী লীগ ও তার নেতাকর্মীদের ভয় পায় না। আগামী দিনে কোনো বাড়াবাড়ি করা হলে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে।
নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ চেয়ারম্যান রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন এবং সদস্য নাসিম উদ্দিন নাসিমসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।