প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১২:৩৬ পিএম
রাশেদ খাঁন। ছবি: ফেসবুক থেকে
ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সাথে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বৈঠকে ব্যবহৃত বাড়ি ও গাড়ির সকল তথ্য নিজের কাছে আছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
সোমবার রাত ১১টা ৫৭ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, “মিয়া গোলাম পরওয়ার ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সাথে গোপন বৈঠক করেছেন। তিনি হোটেল সিক্স সিজন পর্যন্ত একটা গাড়িতে যান, সেখান থেকে গাড়ি পরিবর্তন করে ওই গোয়েন্দা কর্মকর্তার সাথে বৈঠকে করার জন্য বারিধারার একটি বাড়িতে যান। তিনি ও এটিএম মা'ছুম যে বাড়িতে বৈঠক করেছেন এবং যে দুটি গাড়িতে যান, গাড়ি ও বাড়ির সকল তথ্য আমার কাছে আছে।
তিনি বলেন, “তিনি (গোলাম পরওয়ার) যেহেতু বৈঠকের তথ্যকে আজগুবি ও মিথ্যাচার বলছেন, তার উচিত হবে আমার বিরুদ্ধে মানহানির মামলা করা। তিনি এই সৎ সাহস দেখানোর চ্যালেঞ্জ নিতে পারবেন কি?”
তিনি আরও লেখেন, “আরে ভাই, বৈঠক করেছেন, সেটি স্বীকার করে নেন। যতো প্যাচাবেন, ততো পচবেন। বরং কি আলোচনা করেছেন, সেটির জাতির সাথে খোলাসা করুন। জি এম কাদেরের মতো ভারতের অনুমতি ছাড়া বলতে পারবেন না, সেই পথে হাটার চেষ্টা করিয়েন না।”