লোগো: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৭৮ সালের ২৭ অক্টোবর প্রতিষ্ঠিত সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনাসভা, র্যালি, সমাবেশ, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসাসেবা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ। পাশাপাশি যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাত করা হবে।
যুবদলকে আদর্শভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি বলেছেন, যুবসমাজকে শিক্ষিত, দক্ষ ও কর্মমুখী করে রাষ্ট্র গঠনের কাজে সম্পৃক্ত করার মধ্য দিয়ে সংগঠনটিকে শক্তিশালী ও আদর্শভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই। তিনি বলেন, দেশের উন্নয়নে যুবসমাজের শক্তি, মেধা, সাহস ও সৃজনশীলতাকে কাজে লাগানো জরুরি। তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি যুবদলও সহযোগিতা করতে চায়।
নয়ন আরও বলেন, সংগঠনের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া এবং ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রেও সাংগঠনিক অবদান, আন্দোলন-সংগ্রামে ভূমিকা ও ত্যাগ যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ১২টায় নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হবে।
এ ছাড়া জেলা ও মহানগর পর্যায়ে আলোচনাসভা, র্যালি, সমাবেশ এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি পালিত হবে। আগামীকাল বুধবার উপজেলা, থানা, পৌরসভা ও অধস্তন ইউনিটগুলো নিজ নিজ সুবিধাজনক সময়ে অনুরূপ কর্মসূচি পালন করবে।
জাতীয়তাবাদী যুবদল ১৯৭৮ সালে বিএনপির যুবসংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশের বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংগঠনটির নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করছেন।