× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেসবুক স্ট্যাটাসে তাসনিম জারা

বিরোধী দলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ২২:০২ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। ফাইল ছবি

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের বাধা দেওয়ার ঘটনায় প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। তিনি বলেছেন, নিজেদের নেতাদের ক্ষেত্রে ন্যায়বিচার, মানবাধিকার ও মানবিক মর্যাদার কথা বললেও অন্যদের ক্ষেত্রে সেই নীতি মানতে নারাজ জামায়াতে ইসলামী। তার প্রশ্ন, বিরোধী দলে থাকতেই নিজের বসতভিটায় কবর দিতে বাধা দেওয়া হচ্ছে, রাষ্ট্রের সব ক্ষমতা হাতে গেলে কী করবেন?

সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন এই রাজনীতিবিদ। জারা লেখেন, ‘আমাদের সমাজে কেউ মারা গেলে কবর খুঁড়তে কাউকে ডেকে আনতে হয় না। খবর পেয়ে পাড়ার ছেলেরা কোদাল হাতে নিজেরাই চলে আসে। কেউ বাঁশ কেটে আনে, কেউ চাটাই। মৃত মানুষের দাফনে দেরি করতে নেই, এটা শুনেই বড় হয়েছি।’

তিনি অভিযোগ করেন, মানিক পশারীর মৃত্যুর পর স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা মিছিল করেন এবং মাইক ও ফেসবুকে ঘোষণা দেন, তাকে পিরোজপুরে দাফন করতে দেওয়া হবে না। এতে মরদেহ নিয়ে দিনভর উৎকণ্ঠায় অপেক্ষা করতে হয় পরিবারকে।

মানিক পশারীর মেয়ে সীমু আক্তারের বরাত দিয়ে তাসনিম জারা লেখেন, প্রথমে বাড়িতে একটি কবর খোঁড়া হলেও কয়েকজন এসে তা ভরাট করে দেন। পরে পরিবারের নারী সদস্যরা মিলে নতুন করে কবর খোঁড়েন। পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় কবর খুঁড়তে আর কাউকে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত মাঝরাতের পর পুলিশি পাহারায় ওই কবরে মানিক পশারীকে দাফন করা হয়। সেখানে প্রশাসনের লোকজন ছাড়া পরিবারের বাইরের আর কেউ উপস্থিত ছিলেন না বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

মানিক পশারী সরকারি গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা ছিলেন বলে পোস্টে উল্লেখ করেন তাসনিম জারা। তবে পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তাকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ আখ্যা দিয়ে গার্ড অব অনার ও পিরোজপুরের মাটিতে দাফনের বিরোধিতা করেন বলে তিনি দাবি করেন। দাফনের পর একই নেতা বলেছেন, জামায়াতের নেতারা ‘লাশের রাজনীতি করেন না’ বলেও পোস্টে উল্লেখ করেন তাসনিম জারা।

মুক্তিযোদ্ধা হিসেবে মানিক পশারীর পরিচয় নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকলেও তা যাচাইয়ের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও আদালত রয়েছে বলে মন্তব্য করেন জারা। তার ভাষায়, ‘কিন্তু জামায়াতের নেতাকর্মীরা সিদ্ধান্ত নিয়েছেন, সেই প্রশ্নের মীমাংসা তারা করবেন দাফন করা ঠেকিয়ে দিয়ে, মাইক হাতে নিয়ে।’

পোস্টের শেষাংশে জামায়াতের রাজনৈতিক অবস্থান ও বক্তব্যের সঙ্গে দলটির নেতাকর্মীদের কথিত আচরণের বৈপরীত্য তুলে ধরেন এই চিকিৎসক।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা