প্রান্ত কুমার দাশ, রাবি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১১:১২ এএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। ছবি: বাসস
সাড়ে তিন দশকের দীর্ঘ অচলায়তন ভেঙে চব্বিশের গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির মুখে গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। গতকাল রবিবার ২৫ অক্টোবর সেই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সংসদের মেয়াদ শেষ হলেও পরবর্তী নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো প্রস্তুতি এখনও দৃশ্যমান নয়। এতে দীর্ঘ বিরতির পর প্রাণ ফিরে পাওয়া ছাত্র সংসদের কার্যক্রমে আবারও ভাটা পড়তে চলেছে।
নির্বাচিত প্রতিনিধিদের অভিযোগ, ‘গ্রিন সিগন্যাল’ না থাকায় উপাচার্য নির্বাচন আয়োজনে আগ্রহ দেখাচ্ছেন না। অন্যদিকে উপাচার্য ও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানাচ্ছে, অনুকূল পরিবেশ সৃষ্টি হলেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ৩৫ বছর পর গত বছরের ১৬ অক্টোবর রাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৩টি পদের বিপরীতে মোট ৯টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ সহসভাপতি ও সহসাধারণ সম্পাদকসহ ২০টি পদে বিপুল ভোটে জয়ী হয়। হল সংসদগুলোতেও শীর্ষ ৫১ পদে (ভিপি-জিএস-এজিএস) শিবিরের একক আধিপত্য দেখা যায়।
গত বছর অনুষ্ঠিত রাকসু নির্বাচনের প্রথম ঘোষিত তারিখ ছিল ১৫ সেপ্টেম্বর। এর প্রায় ৫০ দিন আগে ২৮ জুলাই তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে নানা জটিলতায় তিন দফায় তারিখ পিছানোর পর চূড়ান্তভাবে ১৬ অক্টোবর নির্বাচন হয়। ২৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে শপথ নেন নির্বাচিত সদস্যরা। সেই হিসাবে বর্তমান সংসদের মেয়াদ গতকাল শেষ হয়েছে।
এ বিষয়ে রাকসু কোষাধক্ষ্য অধ্যাপক সেতাউর রহমান বলেন, “রাকসু নির্বাচন নিয়ে এখনও কোনো বার্তা উপাচার্য থেকে পাইনি। রাকসুর গঠনতন্ত্রে নির্বাচন প্রক্রিয়া শুরুর সময়সীমা সম্পর্কে স্পষ্ট উল্লেখ নেই। নির্বাচন আসন্ন হলে এতদিনে তফসিল ঘোষণা করা হতো। আসলে ভোট করার জন্য যে প্রস্তুতি দরকার, সেটা এই মুহূর্তে নেই”।
অনিয়মিত রাকসু
দীর্ঘ বিরতি দিয়ে ও অনিয়মিতভাবে রাকসু নির্বাচন হওয়ার ঘটনা নতুন নয়। ১৯৫৭ সালে ‘রাসু’ নামে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ। তবে সামরিক শাসনের কারণে ১৯৫৮ থেকে ১৯৬২ সাল পর্যন্ত এর কার্যক্রম বন্ধ থাকে। পরে ১৯৬২ সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাম পরিবর্তন করে ‘রাকসু’ নামে এর কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়। এরপর থেকে ১৯৮৯ সাল পর্যন্ত মোট ১৪ বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সর্বশেষ ১৯৮৯ সালের নির্বাচনের পর দীর্ঘ ৩৫ বছর রাকসুর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল।
যা বলছেন ছাত্রনেতারা
রাকসু নির্বাচনের ক্ষেত্রে ধারাবাহিকতা সৃষ্টি হলে রাকসু অদূর ভবিষ্যতে কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন বিভিন্ন সংগঠনের নেতারা। এ প্রসঙ্গে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের রাবি শাখার আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, “প্রশাসন যদি রাকসু নির্বাচন নিয়ে গড়িমসি করে, তবে ধরে নিতে হবে, তারা চায় রাকসুতে অনির্বাচিত দখলদারত্ব চালু হোক। বর্তমান রাকসুর ব্যর্থতায় শিক্ষার্থীদের মধ্যে যে হতাশা জন্ম নিয়েছে, তার একমাত্র নিরাময় আগামী নির্বাচনে এসব প্রতারণার জবাব দেওয়া”।
ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান বলেন, “আমরা প্রশাসনকে বারবার পরবর্তী রাকসু নির্বাচনের বিষয়ে জানিয়েছি। স্বায়ত্তশাসিত এ বিশ্ববিদ্যালয়ে ৭৩-এর অধ্যাদেশ অনুযায়ী রাকসু নির্বাচন দিতে হবে”।
ছাত্রদলের রাবি শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু বলেন, “আমরা প্রশাসনের পদক্ষেপের অপেক্ষায় আছি। প্রশাসন যদি টালবাহানা করে, তবে আমরা শিক্ষার্থীদের নিয়ে রাকসু নির্বাচনের দাবি জানাব”।
রাকসু নির্বাচনকে ক্যালেন্ডারভুক্ত করার ইশতেহার দিয়েছিল ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। এ প্রসঙ্গে রাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বির বলেন, “আমরা নির্বাচনের জন্য প্রশাসনকে দ্বিতীয় অধিবেশন থেকে নিয়মিত চাপ দিচ্ছি। পরবর্তী রাকসু নির্বাচনের ব্যাপারে উপাচার্য সিনেটের মাধ্যমে সিদ্ধান্ত নেবেন”।
রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “নির্বাচন নিয়ে পূর্ববর্তী প্রশাসনের আগ্রহ যতটুকু দেখেছি এই প্রশাসনের তেমন আগ্রহ নেই। মনে হচ্ছে, এই প্রশাসন কোনো ‘গ্রিন সিগন্যাল’-এর অপেক্ষায় আছে। বিষয়টি হতাশার। রাকসু নির্বাচন বন্ধ হওয়ার আশঙ্কাও রয়েছে”।
রাকসু নির্বাচনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ে যখন রাকসু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে, তখনই এর আয়োজন করা হবে। রাকসু নির্বাচন ঘিরে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, পড়ালেখার পরিবেশ যেন বিঘ্নিত না হয়Ñ এমন পরিবেশ ছাড়া নির্বাচন আয়োজন করা হবে না”।
নির্বাচনের ক্ষেত্রে ওপরের কোনো চাপ আছে কি না, তা জানতে চাইলে তিনি বলেন, “রাকসুর বিষয়ে ওপর মহলের কোনো চাপ নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন একদম স্বাধীনভাবে কাজ করবে”।