× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একান্ত সাক্ষাৎকারে হেফাজত মহাসচিব

‘আমরা কখনোই নির্বাচনে অংশ নেব না’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ০৯:২৭ এএম

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্র সংস্কার, সংবিধান সংশোধন ও নির্বাচনী সমীকরণ নিয়ে চলছে নানা আলোচনা। এই প্রেক্ষাপটে কওমি ঘরানার সাতটি ইসলামী রাজনৈতিক দলের সঙ্গে হেফাজতে ইসলামের বৈঠক এবং স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আলোচনা নতুন করে সামনে এনেছে সংগঠনটির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ ভূমিকার প্রশ্ন। নিজেদের অরাজনৈতিক সংগঠন হিসেবে পরিচয় দেওয়া হেফাজতে ইসলাম এসব বিষয়ে কী ভাবছে? স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে কওমি ঘরানার দলগুলোর এই জোট কি ভবিষ্যতে বৃহত্তর রাজনৈতিক সম্পৃক্ততার ইঙ্গিত দিচ্ছে? হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান মুখোমুখি হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের। সাক্ষাৎকার নিয়েছেন হুমায়ুন মাসুদ। 

কওমি ঘরানার সাতটি ইসলামী দলের সঙ্গে নির্বাচনী ঐক্যের আলোচনা কতদূর এগিয়েছে? স্থানীয় সরকার নির্বাচনে একসঙ্গে লড়ার বিষয়ে কি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে?

আপনি নিশ্চয় জানেন, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। আমরা রাজনীতি করি না। তাই আমরা নির্বাচনও করব না। তবে আমাদের ঘরানার ইসলামী দলগুলো এক হোক। এটা শুধু আমাদের চাওয়া নয়, এটি ওলামায়ে কেরামদের প্রত্যাশা। এটার জন্য আমরা চেষ্টা করছি। সবাইকে নিয়ে আমরা বৈঠক করেছি। এই সাতটি দল নির্বাচনে অংশ নিবে। আমরা শুধু তাদের সাপোর্ট করব। আমরা কখনোই নির্বাচনে অংশ নেব না।

সাতটি দল থেকে অনেকে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে অনেকে প্রস্তুতিও শুরু করেছেন। তাদের আগ্রহ জোটবদ্ধ হয়ে নির্বাচন করার। সাত দল থেকেই এই দাবি আসছে। সেখান থেকেই এই ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টা। আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এখনও সময় আছে। তবে আমরা অনেক দূর এগিয়েছি।

এই ঐক্য কি স্থানীয় সরকার নির্বাচনেই সীমাবদ্ধ থাকবে, নাকি জাতীয় নির্বাচনেও জোটবদ্ধভাবে রাজনীতি করার পরিকল্পনা রয়েছে?

এই জোট শুধু স্থানীয় নির্বাচনকেন্দ্রিক হবে এমন না। আমাদের প্রত্যাশা হচ্ছে জোটবদ্ধ থেকে তারা এবার স্থানীয় নির্বাচনে অংশ নিবে। এরপর জাতীয় নির্বাচন এলে, ওই নির্বাচনেও ঐক্যবদ্ধ থেকে নির্বাচন করবে।

হেফাজতে ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিসের সম্পর্কে কি কোনো টানাপড়েন তৈরি হয়েছে? হারুন আজিজীর বক্তব্যের দায় কি হেফাজত নেবে, নাকি সংগঠনটি তার বক্তব্য থেকে দূরত্ব বজায় রাখছে?

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে হেফাজতে ইসলামের কোনো দূরত্ব নেই। হারুন আজিজীর বক্তব্য একান্ত তার ব্যক্তিগত। এর সঙ্গে হেফাজতে ইসলামের কোনো সম্পৃক্ততা নেই। তার বক্তব্যকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি আমরা বসে সমাধান করেছি।

জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ কতটা সফল? জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে হেফাজতের সুনির্দিষ্ট দাবি কী?

জুলাই সনদ নিয়ে আমাদের মধ্যে এখনও বিস্তারিত কোনো আলোচনা হয়নি। গত বৈঠকে বিষয়টি আলোচনায় তোলা হয়েছিল। তবে সেখানে বিষয়টি নিয়ে খুব বেশি আলোচনা করার সুযোগ হয়নি। পরবর্তী বৈঠক ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বৈঠকের পর এ বিষয়ে আমাদের দাবি কীÑ সেটি আমরা তুলে ধরব।

রাষ্ট্র পরিচালনা ও আইন প্রণয়নে ধর্মীয় বিধান কতটা প্রাধান্য পাওয়া উচিত? ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংবিধানিক কাঠামোর সংঘাত হলে হেফাজতের অবস্থান কী হবে?

রাষ্ট্র পরিচালনা ও আইন প্রণয়নে ধর্মীয় অবমাননা হলে আমরা তখন বসে থাকব না। তখন আমরা বিগত সময়ে যেমন আন্দোলন সংগ্রাম করেছি, ঠিক একইভাবে মাঠে থাকব। ধর্মের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এই সরকার কোনো আইন করতে চাইলে আমরা প্রতিবাদ জানাব। এজন্য তখন যা যা করা দরকার সবকিছুই আমরা করব।

হেফাজত নিজেকে অরাজনৈতিক সংগঠন বলে দাবি করে। তাহলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক, নির্বাচনী ঐক্য ও রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনাÑ এসব কি সংগঠনটির রাজনৈতিক ভূমিকায় প্রবেশের ইঙ্গিত নয়?

আমরা অরাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক হিসেবেই থাকব। আমরা কখনও নির্বাচনে অংশ নেব না। আমরা শুধু ইসলাম ও ধর্মীয় ইস্যুতে কাজ করব। নির্বাচনী ঐক্যের বিষয়টি হচ্ছেÑ সাতটি দল তো ইসলামী দল। তাদের লক্ষ্যবস্তু এক, ইসলাম প্রতিষ্ঠা করা। সবাই আলাদা আলাদা না থেকে একসঙ্গে থাকলে এই চেষ্টাটা আরও ভালো হবে। তাই এই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা। জাতীয় নির্বাচনের আগেই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করা হয়েছিল, যেকোনো কারণে তখন হয়নি। এখন আমরা আবার সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি।

জাতীয় রাজনীতিতে হেফাজত কি শুধু ধর্মীয় ইস্যুতে চাপ সৃষ্টিকারী সংগঠন হিসেবে থাকবে, নাকি রাষ্ট্রীয় নীতিনির্ধারণেও সরাসরি ভূমিকা নিতে চায়? 

হেফাজতে ইসলাম শুধু ধর্মীয় ইস্যুতে সোচ্চার থাকবে। এর বাইরে রাষ্ট্রীয় নীতিনির্ধারণে হেফাজতের সরাসরি কোনো ভূমিকা থাকবে না। তবে কওমি ঘরানার সাতটি দলের যে জোট হচ্ছে, তারা রাষ্ট্রীয় নীতিনির্ধারণে সোচ্চার থাকবে। তারা ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্র সংস্কার, সংবিধান সংশোধন ইস্যুতে কাজ করবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা