প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ ১৬:৫৮ পিএম
মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হল রুমে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শনিবার সকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখা যাচ্ছে না। ছবি: কেন্দ্রীয় প্রচার বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখা যাচ্ছে না। তার দাবি, নির্বাচনে অংশ নেওয়ার আগে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে, কারণ ভয়ভীতি ও দলীয় প্রভাবের পরিবেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হল রুমে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শনিবার সকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে বিএনপির একজন অবসরপ্রাপ্ত ক্যাডারকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জনগণের মধ্যে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জাতীয় সংসদের চিফ হুইপ তার এলাকায় বিএনপির প্রার্থী বিজয়ী না হলে সরকারি বরাদ্দ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন। এসব কারণে নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, “আমরা কারও ‘স্কেপগোট’ হতে চাই না। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, তারাই ক্ষমতায় যাবে—এমন পরিবেশ নিশ্চিত করতে চাই।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। সরকারের পক্ষ থেকে পরিস্থিতি আগের চেয়ে ভালো বলা হলেও এর মাপকাঠি কী, তা স্পষ্ট নয়।
সংবাদমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, “সংবাদপত্র সমাজের আয়না।”
তিনি দাবি করেন, ১৯৭৫ সালে বহুদলীয় গণতন্ত্র বাতিল করে সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছিল এবং চারটি ছাড়া অন্য সংবাদমাধ্যম টিকে থাকতে পারেনি।
জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, হবিগঞ্জ জেলা সেক্রেটারি কাজী মহসিন আহমদসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবং পরে মৌলভীবাজার সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীরা ডা. শফিকুর রহমানকে অভ্যর্থনা জানান। পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করে। জাতীয় সংসদ নির্বাচনের পর নিজ জেলা শহরে এটি ছিল তার প্রথম সফর।