× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১১-দলীয় ঐক্যে ভাঙনের শঙ্কা

হাসান ইমন

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ২২:৪০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসলামপন্থী দলগুলোর রাজনীতিতে নতুন মেরুকরণের উদ্যোগ নিয়েছে হেফাজতে ইসলামসহ সাতটি দল। ‘সমমনা ইসলামী দল’ নামে প্রস্তাবিত এই প্লাটফর্মে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের শরিক এবং বিএনপির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক থাকা দলও যুক্ত হয়েছে। 

এতে পুরনো জোটের সমীকরণ ও স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইসলামী দলগুলোর রাজনৈতিক সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। নতুন এই উদ্যোগে ১১-দলীয় ঐক্যের শরিকদের অবস্থান কী হবে, তা নিয়ে জোটের ভবিষ্যৎ সমীকরণেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসায় সাত দলের নেতাদের বৈঠকে নতুন প্লাটফর্ম গঠনের ঘোষণা আসে। হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে বৈঠকে সাত দলের ২১ জন প্রতিনিধি ও হেফাজতের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এ ঘোষণা দেন। নতুন প্লাটফর্মে যুক্ত সাতটি দল হলোÑ ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন।

দলগুলোর বিদ্যমান জোট-সম্পর্কের কারণে নতুন উদ্যোগটি রাজনৈতিক গুরুত্ব পেয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস ও নেজামে ইসলাম পার্টির একটি অংশ জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের সঙ্গে যুক্ত। অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে এই ঐক্য থেকে বেরিয়ে আলাদাভাবে নির্বাচন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে বিএনপির রাজনৈতিক সম্পর্ক রয়েছে। অর্থাৎ ভিন্ন রাজনৈতিক অবস্থান ও জোট-সম্পর্কের দলগুলো নতুন প্লাটফর্মে একত্র হচ্ছে। এর ব্যানারে যৌথ কর্মসূচি, নির্বাচনী সমঝোতা কিংবা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত পুরনো জোটগুলোর সঙ্গে সম্পর্ককে কীভাবে প্রভাবিত করবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

১১-দলীয় ঐক্যের প্রধান সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, গণমাধ্যমে ‘সমমনা ইসলামী দল’ নামে নতুন প্লাটফর্ম গঠনের কথা জানা গেছে। এই প্লাটফর্মে যুক্ত কয়েকটি দল বর্তমানে ১১-দলীয় বিরোধী জোটের সদস্য হিসেবে কাজ করছে।

তিনি বলেন, নতুন প্লাটফর্মের নাম ঘোষণা করা হলেও এর চূড়ান্ত কোনো কর্মসূচি হয়নি। ১১-দলীয় ঐক্যে থাকা দুটি দল জোট ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত জানায়নি। অন্যদিকে একটি দলের বিএনপি সরকারের সঙ্গেও সম্পর্ক রয়েছে। তার প্রশ্ন, নতুন প্লাটফর্মে যুক্ত হওয়ার কারণে ১১-দলীয় ঐক্যে থাকা যাবে নাÑ এমন শর্ত কেন দেওয়া হবে? এ উদ্যোগের পেছনে অসঙ্গতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

হামিদুর রহমান আযাদের অভিযোগÑ শেখ হাসিনা সরকারের আমলে বলপ্রয়োগের মাধ্যমে হেফাজতে ইসলাম থেকে রাজনৈতিক দলগুলোকে বের করে দেওয়া হয়েছিল। বর্তমানে ভিন্ন কৌশলে চাপ সৃষ্টি করে ইসলামী দলগুলোকে ১১-দলীয় জোট থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে বলে তিনি মনে করেন। তার দাবি, এই প্রচেষ্টা সফল হবে না।

এদিকে নতুন প্লাটফর্ম গঠনের পেছনে স্থানীয় সরকার নির্বাচনও গুরুত্বপূর্ণ বিবেচনা হিসেবে উঠে এসেছে। দলীয় প্রতীকের বাইরে সমঝোতার ভিত্তিতে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ এবং একই ধারার দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কমানোর সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন জানিয়েছেন, দলগুলো নিজেদের বিদ্যমান রাজনৈতিক অবস্থান বজায় রেখেও ‘সমমনা ইসলামী দলসমূহের’ ব্যানারে একসঙ্গে কাজ করতে পারে। স্থানীয় সরকার নির্বাচনেও এই প্লাটফর্মের অধীনে সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। 

তবে প্লাটফর্মের অধীনে সব দল একক প্রার্থী দেবে কি না, নির্বাচনী সমঝোতা কীভাবে হবে এবং দলগুলো পুরনো জোটের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারবে কি না, তা এখনও চূড়ান্ত নয়।

এ বিষয়ে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সাতটি দল অন্য কোনো জোটে থাকতে পারবে নাÑ এমন সিদ্ধান্ত হয়েছে। তবে কয়েকটি দল বিষয়টি নিয়ে নিজ নিজ দলীয় ফোরামে আলোচনা করে পরে জানাবে বলে জানিয়েছে। এজন্য তারা সময় চেয়েছে। হেফাজতের আকিদা-বিশ্বাসে বিশ্বাসী দলগুলো একত্র হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এক প্রশ্নের জবাবে মুফতি বশির উল্লাহ বলেন, কোনো দলের ইন্ধনে তারা এই উদ্যোগ নেননি। হেফাজত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দলগুলোকে একত্র করার চেষ্টা করছেন, যাতে তাদের সাংগঠনিক শক্তি বাড়ে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা