প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ২১:৫১ পিএম
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও ‘গুপ্ত’ শক্তি এক হয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এবং দলীয় প্রতিযোগিতার অনলে ঘি ঢালবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।
তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এই দুই পক্ষ মিলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে; তাই নেতাকর্মীদের সজাগ থাকতে হবে যাতে কেউ কোনো ধরনের উসকানির ফাঁদে পা না দেন।
গত কয়েক দিনে বরিশালে নিজ নির্বাচনি এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি আয়োজিত একাধিক কর্মীসভায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল।
জহির উদ্দিন স্বপন বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন থাকার কথা প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই ইতিমধ্যে জাতিকে অবহিত করেছেন। এমনকি দেশের কয়েকটি জায়গায় কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি করার অপচেষ্টা চালানো হয়েছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।
এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, দলের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে অবশ্যই ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে। স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কোনো পক্ষ যেন দলকে দুর্বল করতে না পারে এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত হতে না পারে, সে ব্যাপারে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।