জহির উদ্দিন স্বপন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ০০:৫১ এএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত
আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কা প্রত্যাহার করা প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত মনোভাবের প্রমাণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই নির্বাচনে কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হলে কিংবা দল সমর্থিত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করতে সর্বস্তরের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিজ নির্বাচনি এলাকা বরিশাল-১-এর গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার শতাধিক দুর্গামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে কীভাবে কাজ করতে হবে। এরপরও দলের মধ্য থেকে যারা মুনাফেকি করবেন, দল তাদের ক্ষমা করবে না।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘মনে রাখবেন, প্রতিটি ইউনিয়নের তথ্য দলের কাছে রয়েছে। আগামী নির্বাচনে দল কেবল জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদেরই সমর্থন দেবে।
শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডে যদি দলের ক্ষতি হয়, তবে তিনি যত বড় নেতাই হোন না কেন, তাকে দলবিরোধী হিসেবে শাস্তি দেওয়া হবে।’
তিনি আরও উল্লেখ করেন, নেতা-কর্মীদের নির্বাচনি তৎপরতার ওপর দল সার্বক্ষণিক নজর রাখবে।
মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়কালে দুই উপজেলার পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ছাড়াও তার সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম ও সদস্যসচিব মোল্লা বসির আহমেদ পান্না সহ স্থানীয় নেতা-কর্মীরা।