লালমোহন (ভোলা) প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১৮:৩০ পিএম
লালমোহনে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ক্ষমতাসীন দল বিএনপির নেতাকর্মীদের নিজেদের আচরণ ও কর্মকাণ্ড সংশোধন করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
তিনি স্পষ্ট করে বলেন, সরকার অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং অতীতে কোনো দল নিজেদের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা না নিলেও বর্তমান সরকার তা করে দেখিয়েছে।
মঙ্গলবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে এই গণসংবর্ধনা দেওয়া হয়।
ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সতর্ক করে স্পিকার বলেন, আপনারা নিজেদের সংশোধন করুন। অতীতে কোনো রাজনৈতিক দল নিজ দলের নেতাকর্মীদের অপকর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলার প্রশ্নে আপসহীন থেকে অন্যায়ের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিয়ে নজির স্থাপন করেছেন।
সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, একজন মহিলা এমপি বিরুদ্ধে একটি হাসপাতাল দখলের অভিযোগ পাওয়ায় প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও পদত্যাগ করেছেন। যদিও সে কাজটি ভালো করেছিল। পুলিশের ওপর গুলিবর্ষণকারী মাদক ব্যবসায়ীদের দমন করতে গিয়েছিল সে। তবে তার হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি। যে কারণে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। যা অতীতে কোনো দল তার দলের এমপি ও মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান আপসহীন হওয়ায় তা সম্ভব হয়েছে।
স্পিকার আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছর শেখ হাসিনা ও তার সন্ত্রাসী এমপিগুলো দেশে এতো লুটপাট করেছেÑ যা বিশ্বের কোথাও হয়নি। পৃথিবীর ইতিহাসে এত বড় চোরের দল মানুষ দেখেনি। আওয়ামী লীগ ভেবেছে লুটপাট করে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। মনে করেছিল এভাবেই জীবন যাবে। হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা দেশ থেকে পালিয়ে গেছে। বর্তমান সরকার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে ওইসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এরইমধ্যে অন্তর্বর্তী সরকারের আমলে হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের অনেক নেতার শাস্তি হয়েছে। শেখ হাসিনারও মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, থানার ভরপ্রাপ্ত (ওসি) নজরুল ইসলাম মজুমদার, উপজেলা বিএনপি সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুলসহ প্রমুখ।