নাহিদকে উদ্দেশ্য করে ইশরাক
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ০২:১৯ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৬ ০৯:০১ এএম
কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
মাদকবিরোধী অভিযান ও নিজের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ খোঁজার পরামর্শ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনপিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, তরুণ প্রজন্ম (জেন-জি) এদের মাধ্যমে কোনো ‘নতুন বন্দোবস্ত’ পাচ্ছে না।
মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিরোধীদলীয় চিফ হুইপকে উদ্দেশ্য করে এসব মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে নাহিদ ইসলামের নাম উল্লেখ করে ইশরাক লেখেন, “জনাব নাহিদ ইসলামকে একটু হলেও নতুন বন্দোবস্তের ধারক ভাবতাম। আমার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে সে মাদকের মহামারী ও এর প্রতিকার সম্পর্কে ০% কথা বলে ১০০% আমার ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিল। তাহলে নাকি আইনের শাসন প্রতিষ্ঠা পাবে ইত্যাদি।”
মাদকের বিষয়টি আগে সমাধান করা উচিত ছিল উল্লেখ করে তিনি আরও লেখেন, “আগে মাদকের ইস্যুটা এড্রেস করলে ভালো হত না? তারপরে আমারে ফাঁসিতে ঝুলাইতি।” তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি যোগ করেন, “দুঃখিত জেন-জি, কোনো নতুন বন্দোবস্ত এদের মাধ্যমে পাচ্ছেন না।”
পোস্টে একটি অজ্ঞাত ফোনকলের অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, নাম উল্লেখ না করে এক তরুণ কোথা থেকে নম্বর সংগ্রহ করে তাকে ফোন দিয়ে বলেছে—পরবর্তী অভিযানে যেন তাকেও সাথে নেওয়া হয়, কারণ মাদক যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে।
রাজনৈতিক উদ্যোগ ও দলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে ইশরাক লেখেন, “এই পার্টির ভবিষ্যৎ ০।” একজন আইনপ্রণেতা হিসেবে পুলিশ সঙ্গে নিয়ে বৈধ উপায়ে মাদক নির্মূল অভিযানে গিয়ে কেন ফৌজদারি মামলার কথা শুনতে হবে—সেই প্রশ্নও তোলেন তিনি।
নাহিদ ইসলামকে সরাসরি আইনি পদক্ষেপ নেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সদ্য পদত্যাগ করা এই প্রতিমন্ত্রী লেখেন, “নাহিদকে বলবো কোনও ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধ বের করে একটা মামলা করে দেন আমার নামে। আমি নিজে গিয়ে সারেন্ডার করে জেলে চলে যাবো। আইনের শাসন প্রতিষ্ঠা বলে কথা!!!!”
চলমান ধারার রাজনীতির তীব্র সমালোচনা করে তিনি আরও মন্তব্য করেন, “এইভাবে ঘোড়ার ডিম রাজনীতি এরা করে যাবে। কিছুই পরিবর্তন করতে পারবে না।”
পোস্টের শেষাংশে মাদক কারবারিদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি লেখেন, প্রতিকার অন্য স্টাইলে করতে হবে—“যেমন কুকুর তেমন মুগুর। শীঘ্রই আসিতেছে। বড় ডিলার/বিক্রেতারা অপেক্ষা কর।”
এর আগে সোমবার সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানীর শ্রী শ্রী পূর্ব বাড্ডা নিমতলা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, “আজ মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলো। কিন্তু আইনশৃঙ্খলার জন্য যিনি প্রধানত দায়ী, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে আনা হচ্ছে না। দেশবাসী তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন। কারণ তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। যেটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ, তিনি সেটা করতেছেন না। তিনি সংবিধান নিয়ে ব্যস্ত আছেন।”
আইনশৃঙ্খলা ও আইনের শাসনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, “ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন, আইনপ্রয়োগকারী সংস্থাকে সে ব্যবস্থা নিতে হবে। এর আগে মিস্টি পদত্যাগ করেছেন। তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। এক ব্যক্তির ইচ্ছা, অনিচ্ছা, অনুরোধ বা নির্দেশনামতো দেশ চলতেছে। এটা কোনো গণতন্ত্রের উদাহরণ নয়, আইনের শাসনের উদাহরণ নয়।”