প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৮:৩০ পিএম
সোমবার সকালে রাজধানীর শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন ও শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এনসিপির নেতারা। ছবি: এনসিপির সৌজন্যে
বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবে। কোনো দলের রাজনৈতিক স্বার্থে হিন্দু ধর্মাবলম্বীদের ব্যবহার করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
সোমবার সকালে রাজধানীর শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন ও শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তারা।
এদিন ঢাকেশ্বরী মন্দিরে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার ও নুসরাত তাবাসসুম এবং যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশসহ দলের অন্যান্য নেতারা। এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।
মন্দিরের পূজার্চনা ও সার্বিক আয়োজন ঘুরে দেখার পর এনসিপির নেতারা বক্তব্য দেন।
আখতার হোসেন বলেন, “বাংলাদেশের সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও সম্প্রীতির দেশ গড়ে তুলতে চায় এনসিপি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে”।
তিনি বলেন, “বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে হিন্দু-মুসলমান একসঙ্গে লড়াই করেছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছেন”।
দেশে কোনো অপ্রীতিকর ঘটনা দেখতে চান না বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “কোনো রাজনৈতিক দলের স্বার্থে হিন্দু ধর্মাবলম্বীদের ব্যবহার করা উচিত নয়”।
যারা অতীতে হিন্দু সম্প্রদায়কে নিজেদের সংকীর্ণ স্বার্থে ব্যবহার করেছে এবং তাদের সম্পত্তি দখল করেছে, তাদের অশুভ শক্তি হিসেবে উল্লেখ করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “হিন্দু সম্প্রদায়ের অনেকের সম্পত্তি বেদখল হয়ে গেছে। অনেকে মনে কষ্ট নিয়ে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। এনসিপি ক্ষমতায় গেলে তাদের সম্পত্তি ফিরিয়ে দিতে কাজ করবে”।
তিনি আরও বলেন, “হিন্দু সম্প্রদায়ের অধিকার ও সম্পত্তি পুনরুদ্ধারের লড়াইয়ে এনসিপি সব সময় অংশীদার হিসেবে থাকবে”।
একই সঙ্গে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানানো হবে। সংসদ ও রাজপথে এ দাবি তুলে ধরার কথাও জানান তিনি।
এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, “হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষায় এনসিপি সম্প্রতি ‘ন্যাশনাল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অ্যালায়েন্স’ গঠন করেছে”।
তিনি বলেন, “দেশের প্রতিটি নাগরিক যেন সমমর্যাদা নিয়ে বসবাস করতে পারেন, সেই লক্ষ্যেই এনসিপি কাজ করছে”।
ধর্মীয় পরিচয় নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করার রাজনীতি অব্যাহত রাখার কথাও জানান তিনি।