যশোর প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৯:৩৬ পিএম
যশোর প্রেস ক্লাবের মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সংস্কারের মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে শুধু নামমাত্র সংবিধান সংশোধনের মাধ্যমে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রবণতা ঠেকানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সরকার পরিবর্তন হলেও শাসনব্যবস্থার কাঠামো একই রয়ে গেছে।
রবিবার দুপুরে যশোর প্রেস ক্লাবের মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী ৩১ অক্টোবর খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া লং মার্চের প্রস্তুতি সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গোলাম পরওয়ার বলেন, আগে ফ্যাসিবাদী সরকার সবকিছু নিয়ন্ত্রণ করত। এখন ক্ষমতাসীন সরকার সবকিছু নিয়ন্ত্রণ করছে। তাই শুধু সংবিধান সংশোধন নয়, মৌলিক বিষয়গুলোতে পরিবর্তন আনতে হবে। তা না হলে সাধারণ মানুষের কল্যাণ হবে না।
গণভোটের রায় বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণের দাবিতে এ লং মার্চের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
‘১১ দলের লং মার্চে পতিত সরকার ফিরে আসবে’Ñএমন বক্তব্য দিয়ে সরকার নতুন ন্যারেটিভ বা অজুহাত তৈরি করছে বলেও মন্তব্য করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, যোগ্যতা থাকুক বা না থাকুক, সরকারি দলের নেতাকর্মীদের বিভিন্ন পদে বসানো হচ্ছে। সর্বশেষ বিএনপির লোকজন ছাড়া কেউ সারের ডিলার হতে পারেননি।
লং মার্চের কর্মসূচির বিস্তারিত তুলে ধরে গোলাম পরওয়ার জানান, নির্ধারিত দিনে সকাল ৮টায় ঢাকার বায়তুল মোকাররম এলাকা থেকে সংক্ষিপ্ত জনসভার মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর পদ্মা সেতু হয়ে প্রায় এক হাজার গাড়ির বহর নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করবেন অংশগ্রহণকারীরা। প্রায় ১২ ঘণ্টার এ যাত্রায় গণমাধ্যমকর্মী, চিকিৎসক, শিল্পী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসূল, সংসদ সদস্য মোক্তার আলী, গাজী এনামুল হক এবং ফরিদপুর, কুষ্টিয়া, শরীয়তপুর, গোপালগঞ্জসহ পার্শ্ববর্তী জেলাগুলোর জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।