প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩ ১৬:২৭ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩ ১৭:০৩ পিএম
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। প্রবা ফটো
বিভাগীয় শহরগুলোতে বিএনপির যুগপৎ আন্দোলনের গণঅবস্থানের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) দলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত সময়সূচি থেকে এক ঘণ্টা পিছিয়ে আগামী বুধবার (১১ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ গণঅবস্থান পালন করবে দলটি।
অনিবার্য কারণবশত বুধবারের কর্মসূচির সময়ে পরিবর্তন করা হয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
এদিন ঢাকাসহ ১০টি সাংগঠনিক বিভাগীয় সদরে এ কর্মসূচি পালিত হবে। এর আগে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি হওয়ার কথা ছিল।
গত ৩০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সরকারের পদত্যাগসহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, ১০ দফা দাবি আদায় এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়।