প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৯:৪৪ পিএম
ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে বুধবার দুপুরে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
আসন্ন শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল) ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, সরকারের কাছে তথ্য রয়েছে যে আওয়ামী লীগ বর্তমান নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে।
বুধবার দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, “দুর্গোৎসব চলাকালে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করে, তবে তাদের কঠোর জবাব দেওয়া হবে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বলব, আপনারা যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকুন এবং সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”
আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, “বিগত ১৬ বছর স্বৈরাচারী আওয়ামী লীগ ভারতের আশীর্বাদ নিয়ে ক্ষমতা দখল করে রেখেছিল। তাদের আশ্রয়ে-প্রশ্রয়েই দেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। বিগত সময়ে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও তাদের জমিজমা দখলের ঘটনা আওয়ামী লীগের আমলেই সবচেয়ে বেশি ঘটেছে। অথচ এখন তারা ভারতে বসে দেশের নির্বাচিত সরকারের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে।”
সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ শান্তিতে মিলেমিশে বসবাস করছে। এই ঐতিহ্যবাহী সম্প্রীতি বজায় রাখতে আসন্ন পূজার সময় বিএনপি ছাড়াও সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমালোচনাও করেন রাশেদ খাঁন। তিনি বলেন, রাজধানী ঢাকার যানজটের পেছনে অন্যতম কারণ ব্যাটারিচালিত অটোরিকশা। এর ফলে ঢাকা এখন বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। সরকার অটোরিকশা চলাচলে একটি বাস্তবসম্মত নীতিমালা প্রণয়নের কাজ করছে এবং ফুটপাত দখলমুক্ত করতে আন্তরিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু জামায়াতের সেক্রেটারি জেনারেল এ নিয়ে রাজনীতি শুরু করেছেন এবং চালকদের আন্দোলনে পেছন থেকে ইন্ধন জোগাচ্ছেন।
এর আগে শিশু একাডেমি মিলনায়তনে পূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু মুক্ত এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস।