ঢাকার ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে মঙ্গলবার বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
টেক্সটাইল খাতের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ জাতীয় সংসদে তুলে ধরার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
ঢাকার ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে মঙ্গলবার বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন।
বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এসব তথ্য জানান।
বৈঠকে টেক্সটাইল খাতের প্রণোদনা, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ, কর ও শুল্ক বৃদ্ধি এবং বিভিন্ন নীতিগত জটিলতা নিয়ে আলোচনা হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বিরোধীদল হিসেবে সরকারের সব কাজের বিরোধিতা করা জামায়াতের রাজনৈতিক সংস্কৃতি নয়। তারা একটি গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করতে চান। সরকারের যেসব উদ্যোগ জনস্বার্থ ও দেশের কল্যাণে হবে, সেসব কাজে সহযোগিতা করা হবে। আর জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের ক্ষেত্রে সরকারের ভুল-ত্রুটি তুলে ধরে সমালোচনা এবং প্রয়োজন হলে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে।
শিল্পের সমস্যায় সংসদে সরব হবে জামায়াত
বিটিএমএর নেতারা টেক্সটাইল খাতের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ বৈঠকে তুলে ধরেছেন জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, তাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শোনা হয়েছে।
ডা. শফিকুর রহমান রপ্তানিমুখী শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল নিশ্চিত করা, দেশীয় প্রাইমারি টেক্সটাইল শিল্পের সক্ষমতা সংরক্ষণ, স্থানীয় মূল্য সংযোজন বৃদ্ধি, কর্মসংস্থান সুরক্ষা, বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও সংরক্ষণ, সরকারি রাজস্ব সুরক্ষা এবং বন্ড সুবিধার অপব্যবহার ও অবৈধ আমদানি প্রতিরোধের মতো বিষয়গুলোতে গুরুত্বারোপ করেছেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সমন্বিত ও ভারসাম্যপূর্ণ নীতির মাধ্যমে দেশের প্রাইমারি টেক্সটাইল শিল্পকে টেকসইভাবে শক্তিশালী করা সম্ভব। এতে দেশের রপ্তানি সক্ষমতা ও শিল্পভিত্তিও আরও সুদৃঢ় হবে।
এ খাতের স্বার্থে বিষয়গুলো জাতীয় সংসদে তুলে ধরার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
বিটিএমএর ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকার বলেন, বর্তমানে দেশের টেক্সটাইল খাতে প্রায় ৩২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ রয়েছে। তৈরি পোশাকশিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে এ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দীর্ঘদিন ধরে তারা সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে এসব সমস্যা নিয়ে আলোচনা করে আসছেন। প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে এবং এরই মধ্যে কিছু সমস্যার সমাধানও হয়েছে বলেও জানান তিনি।
‘এখনও পুরোপুরি কাটেরি গ্যাস ও বিদ্যুৎ সংকট’
বৈঠকে বিশেষ করে প্রণোদনা, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, এলডিসি গ্র্যাজুয়েশনের পরবর্তী চ্যালেঞ্জ, কর বৃদ্ধি এবং বিভিন্ন নীতিগত জটিলতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান শফিকুল ইসলাম সরকার।
তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কয়েকটি কারখানা এখনো সমস্যার মুখে রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার কথা বৈঠকে তুলে ধরা হয়েছে।
এ ছাড়া এনার্জি বন্ড ও সুতার অপব্যবহারসহ সংশ্লিষ্ট কয়েকটি বিষয় নিয়েও সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, শিল্প ও উৎপাদন খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তৈরি পোশাকশিল্পের সঙ্গে টেক্সটাইল খাতের নিবিড় সম্পর্ক রয়েছে। তাই এ খাতের যৌক্তিক সমস্যাগুলো সমাধানে সরকার, বিরোধী দল এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
১৮ নভেম্বর বস্ত্র ও পোশাকসংশ্লিষ্ট বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশনের (বাটেক্সপো) সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার প্রধান অতিথি হওয়ার দীর্ঘদিনের প্রচলিত রীতিতে এবার ব্যতিক্রম হচ্ছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার একটি প্রচলিত রীতি রয়েছে।
তিনি বলেন, এটি শুধু আনুষ্ঠানিকতা নয়, এর সঙ্গে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক মর্যাদার বিষয়ও জড়িত।
এবার এ রীতিতে কিছুটা ব্যতিক্রম দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে জামায়াতের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
তবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নিজে কোনো অনুষ্ঠানের প্রধান অতিথি হওয়ার জন্য দাবি বা অনুরোধ করেননি বলেও জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ কোনো খাতকে দলীয় রাজনীতির সংকীর্ণতার মধ্যে আবদ্ধ করা উচিত নয়। ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে রাষ্ট্রের সব পক্ষের সমন্বয় থাকা প্রয়োজন।
‘কিছু সমস্যার সমাধান, কয়েকটি এখনও চলমান’
টেক্সটাইল খাতের কোন কোন সমস্যা এরই মধ্যে সমাধান হয়েছে- এ প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে এবং কিছু সমস্যার সমাধানও হয়েছে। তবে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহসহ কয়েকটি বিষয়ে এখনও কিছু কারখানা সমস্যায় রয়েছে।
এসব সমস্যা সমাধানে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, জাতীয় সংসদে বিরোধী দলের দায়িত্বের জায়গা থেকে শিল্পখাত ও অর্থনীতির স্বার্থে প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরা হবে।
বিরোধীদলীয় নেতা এসব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবেন কি না- এ প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিরোধী দলের দায়িত্ব শুধু সরকারের সমালোচনা করা নয়। জনস্বার্থে সরকারের ভালো উদ্যোগে সহযোগিতা করা এবং জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের ক্ষেত্রে সরকারের ভুল-ত্রুটি তুলে ধরা বিরোধী দলের দায়িত্ব।
তিনি বলেন, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে তুলে ধরা এবং সরকারের সঙ্গে আলোচনা করাও সেই দায়িত্বের অংশ।
বৈঠকে বিটিএমএর পক্ষে সংগঠনের প্রেসিডেন্ট ও আম্বার কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল, ভাইস প্রেসিডেন্ট ও পূর্বানী ইয়ার্ন ডাইং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম সরকার, পরিচালক ও জালাল আহমেদ স্পিনিং মিলস লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক শাহিদ আলম, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেডের (ইউনিট-২) ব্যবস্থাপনা পরিচালক হোসেন মেহমুদ, পরিচালক ও সায়হাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন এবং মাইশা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক ভূঁইয়াসহ আরও নেতারা উপস্থিত ছিলেন।