× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ধারাবাহিক হামলার তীব্র নিন্দা এনসিপির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১১:০৬ এএম

নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি

নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলা এবং তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি।

রবিবার সন্ধ্যায় লালন আখড়ায় প্রবেশের সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে তার হাতে আঘাত লাগে এবং তিনি ও আরও দুজন আহত হন। হামলার পর নেতা-কর্মীরা তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্তের কথা জানিয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এ ধরনের হামলা এটাই প্রথম নয়। এর আগে জানুয়ারিতে ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে তাকে লক্ষ্য করে একাধিকবার ডিম নিক্ষেপ ও হেনস্তার ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনায় নির্বাচনি অনুসন্ধান কমিটির মাধ্যমে তদন্তের উদ্যোগ নেওয়া হয়।

এছাড়া গত জুলাইয়ে হবিগঞ্জে এনসিপির কর্মসূচি শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন এবং সারজিস আলম নিরাপত্তার জন্য একটি ব্যাংক ভবনে আশ্রয় নেন। পরে পুলিশ তাদের নিরাপত্তায় নিয়ে যায়।

এর কয়েক দিন পর সিলেটেও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় গাড়ির কাচ ভেঙে যাওয়ার ছবি ও ভিডিও প্রকাশিত হলেও স্থানীয় পুলিশ হামলার ঘটনা অস্বীকার করে।

এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতার ওপর বারবার হামলা, হেনস্তা ও তার রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির ঘটনাগুলো কোনোভাবেই স্বাভাবিক রাজনৈতিক পরিবেশের লক্ষণ নয়। জাতীয় নাগরিক পার্টি মনে করে, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে; কিন্তু তার জবাব হামলা, ভয়ভীতি কিংবা সহিংসতার মাধ্যমে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিশেষ করে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর একের পর এক ঘটনার পুনরাবৃত্তি এখন গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটি ঘটনার পর আরেকটি ঘটনা ঘটতে থাকলে প্রতিটি ঘটনার তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। অন্যথায় রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি আরও উৎসাহিত হওয়ার আশঙ্কা তৈরি হবে।

জাতীয় নাগরিক পার্টি কুষ্টিয়ার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে। একই সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে।

এনসিপি স্পষ্টভাবে বলতে চায়, কোনো রাজনৈতিক নেতা বা কর্মীকে হামলা, হেনস্তা কিংবা ভয়ভীতি দেখিয়ে তার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা যাবে না। দেশের যেকোনো প্রান্তে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং নাগরিকের রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব।

জাতীয় নাগরিক পার্টি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর সংঘটিত প্রতিটি হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং ভবিষ্যতে এ ধরনের হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা